ঘুষ, দুর্নীতি ও মাদককে ‘না’ বলতে আইনমন্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ, দুর্নীতি ও মাদককে ‘না’ বলতে আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। আজ বুধবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির জাতীয় মহাসমাবেশের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। কাজিদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, সমাজের সবাইকে ঘুষ ও দুর্নীতিকে ‘না’ বলার জন্য উদ্বুদ্ধ করবেন। মাদক ও ধূমপান থেকে শিশুসহ সবাইকে বিরত থাকার কথা বলতে কাজিদের অনুরোধ করেন আইনমন্ত্রী। শফিক আহমেদ বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। এই বিচার যাতে সুষ্ঠুভাবে হয়, তার প্রতি সমর্থন জানাবেন। সামাজিকভাবে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন।’অনুষ্ঠানের শুরুতে সমিতির নেতারা তাঁদের বিভিন্ন দাবি-দাওয়া উপস্থাপন করেন। তাঁরা নিকাহ রেজিস্ট্রারদের অবসরের বয়স ৬৫ থেকে ৭০ করা, বাবার স্থলে পোষ্যকে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ, আদালতের নির্দেশ ছাড়া নিকাহ রেজিস্ট্রার ভলিউম পুলিশ যাতে তলব করতে না পারে তার দাবি জানায়। আইনমন্ত্রী এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বলেন, পোষ্য যদি যোগ্য হয় তাহলে তাঁকে নিয়োগ, রেজিস্ট্রারদের অবসরের বয়স ৬৫ থেকে ৬৭-তে উন্নীত, আর বিনা কারণে পুলিশ হয়রানি করলে তা খতিয়ে দেখা হবে।বিশেষ অতিথির বক্তব্যে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম কাজিদের উদ্দেশে বলেন, ‘একাত্তরের ঘাতকদের বিচার হচ্ছে। এই বিচার যারা বাধাগ্রস্ত করতে চান, আন্দোলন করতে চান বা বিশৃঙ্খলার সৃষ্টি করতে চান, তারা ফরজ কাজের বিরুদ্ধে। ধর্মীয় নেতা হিসেবে আপনাদের সোচ্চার থাকতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে।’