ঘুষ চাওয়ায় চার পুলিশের বিরুদ্ধে মামলা, তদন্ত
চট্টগ্রামের ডবলমুরিং থানার তিনজন ও চান্দগাঁও থানার একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চাঁদা ও ঘুষ চাওয়ার অভিযোগ এনে পৃথক দুটি মামলা হয়েছে। গতকাল রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে মামলা দুটি করা হয়। আদালত সূত্র জানায়, জনৈক বজল আহমদ সওদাগর ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, একই থানার উপপরিদর্শক (এসআই) ওসমান ও হারুন এবং নুরুল আমিন নামের স্থানীয় একজন ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে উচ্ছেদ করা এবং চাঁদা চাওয়ার অভিযোগে মামলা করেন। অন্যদিকে, ওসমান গণি ওরফে মানিক নামের একজন ব্যক্তি চান্দগাঁও থানার এসআই আবুল কালাম আজাদের বিরুদ্ধে শারীরিক নির্যাতন করা ও তাঁর কাছে ঘুষ চাওয়ার অভিযোগ করেন।ডবলমুরিং থানার পুলিশ কর্মকর্তা ও ব্যবসায়ী নুরুল আমিনের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করে দেখতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেন আদালত। এ ছাড়া চান্দগাঁও থানার এসআইয়ের বিরুদ্ধে আনা অভিযোগের ওপর ২৫ অক্টোবর শুনানি হবে বলে রায় দেন আদালত। আদালত সূত্র জানায়, বজল আহমদ সওদাগরের অভিযোগ, তাঁর প্রতিপক্ষ ব্যবসায়ী নুরুল আমিনের পক্ষ নিয়ে ওসি রফিকুল ও অন্য পুলিশ কর্মকর্তারা ডিটি সড়কের কাছে থাকা তাঁর একটি দোকান ও গুদামঘর অবৈধভাবে উচ্ছেদ করেন। আরজিতে বলা হয়, পুলিশ দোকান ও গুদামঘর থেকে তাঁর (বজল) প্রতিষ্ঠান উচ্ছেদ করায় তাঁর এক কোটি টাকার ক্ষতি হয়েছে। তিনি অভিযোগ করেন, আসামি পুলিশ কর্মকর্তারা উচ্ছেদ না করার শর্তে তাঁর কাছে ১৫ লাখ টাকা ঘুষ চেয়েছিলেন। বিচারক শুনানির পর বজল আহমেদের অভিযোগ খতিয়ে দেখতে দুদককে তদন্ত করার নির্দেশ দেন। অন্যদিকে, ওসমান গণি ওরফে মানিক চান্দগাঁও থানার এসআই আবুল কালাম আজাদের বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও ঘুষ দাবি করার অভিযোগ আনেন। পারিবারিক বিরোধের জের ধরে পুলিশ তাঁর ওপর নির্যাতন চালায় বলে আরজিতে অভিযোগ করা হয়। বিচারক এস এম মজিবুর রহমান অভিযোগের ওপর ২৫ অক্টোবর শুনানির দিন ধার্য করেন।