ঘুষ দিতে দেরি হওয়ায় আসামির হাত ভেঙে দিল পুলিশ
ঘুষ দিতে দেরি হওয়ায় রাজশাহী আদালত হাজতে ইব্রাহীম (৪০) নামের এক আসামির হাত ভেঙে দিয়েছে পুলিশ। আজ বুধবার এ ঘটনা ঘটে।আসামির স্বজনেরা জানিয়েছেন, আজ রাজশাহীর মোহনপুর উপজেলার একটি মামলায় ইব্রাহীমসহ ছয়জন আসামির জামিন শুনানির জন্য আদালত হাজতে নেওয়া হয়। আজ তাঁদের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-২-এ হাজিরা দেওয়ার কথা ছিল। বেলা ১১টার দিকে আসামি ইব্রাহিম হোসেনের চাচা বেসারত আলী ও তাঁর বোন বাড়ি থেকে ইব্রাহীমের জন্য খাবার নিয়ে আসেন।এ সময় দায়িত্বরত পুলিশ কনস্টেবল নজরুল ইসলাম ওই খাবার ইব্রাহীমের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাঁদের কাছে ২০০ টাকা দাবি করেন। কিন্তু ইব্রাহীমের চাচার পকেট থেকে টাকা বের করতে দেরি হওয়ায় পুলিশ ইব্রাহীমের কাছ থেকে খাবারের বাটিটি জোর করে কেড়ে নেয়। এ সময় হাত মোচড়ানোর কারণে ইব্রাহীমের হাতটি ভেঙে যায়। পরে ইব্রাহীমের অবস্থা খারাপ দেখে হাজিরা দেওয়া বাদ দিয়ে চিকিত্সার জন্য তাঁকে কারাগারে ফেরত পাঠানো হয়।ইব্রাহীমের চাচা বেসারত বলেন, হাত ভাঙার পরও পুলিশ জোর করে তাঁদের কাছ থেকে ২০০ টাকা আদায় করেছে। এ নিয়ে পুলিশের সঙ্গে কথা বলতে গেলে পুলিশ উল্টো তাঁদের সবাইকে গ্রেপ্তার করে হাজতে ঢুকানোর হুমকি দেয়।এ বিষয়ে পুলিশ কনস্টেবল নজরুল ইসলামের কাছে জানতে চাইলে, ভুল হয়েছে বলে মন্তব্য করেন তিনি।রাজশাহী কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ (জেলার) ফারুক আহমেদ বলেন, ইব্রাহীমের হাত ধরে পুলিশ একটু জোরে মোচড় দিয়েছে। তাঁর হাত আগেই ভাঙা ছিল।