পদ্মা সেতু প্রকল্পে অসদাচরণের (মিসকন্ডাক্ট) জন্য কানাডীয় প্রকৌশল ও নির্মাণপ্রতিষ্ঠান এসএনসি-লাভালিন ইনকরপোরেশনকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছে বিশ্বব্যাংক। একই সঙ্গে এসএনসি-লাভালিনও কাজ পেতে সরকারের উচ্চপর্যায়ে ঘুষ দেওয়ার চক্রান্তের অভিযোগ মেনে নিয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ওয়াশিংটন থেকে বিশ্বব্যাংক ১০ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। ঘোষণাটি এসেছে সংস্থাটির দুর্নীতি প্রতিরোধসংক্রান্ত বিভাগ ইন্টেগ্রিটি ভাইস প্রেসিডেন্সির কার্যালয় থেকে। প্রায় একই সময় বিশ্বব্যাংকের দেওয়া ১০ বছরের নিষেধাজ্ঞার কথা মেনে নিয়ে একটি বিবৃতি দিয়েছে এসএনসি-লাভালিন। সেখানে কানাডার শীর্ষস্থানীয় এই প্রতিষ্ঠান স্বীকার করেছে, বিশ্বব্যাংকের করা তদন্তের বিষয়ে সংস্থাটির সঙ্গে তাদের একটি সমঝোতা হয়েছে। তবে কী শর্তে সমঝোতা হয়েছে, তা প্রকাশ করেনি এসএনসি-লাভালিন। বিবৃতিতে তারা শর্তগুলো গোপনীয় বলে উল্লেখ করেছে। বিশ্বব্যাংকের বিবৃতি দেওয়া হলো এমন এক সময়ে, যখন এ নিয়ে কানাডায় শুনানি চলছে। কানাডার অন্টারিওর কোর্ট অব জাস্টিসের একটি আদালতে এ শুনানি চলছে। এসএনসি-লাভালিনের সাবেক দুই কর্মকর্তা রমেশ শাহ ও মোহাম্মদ ইসমাইলের বিরুদ্ধে পদ্মা সেতুর কাজ পেতে ঘুষ দিতে চাওয়ার অভিযোগ আনা হয়েছে। ৮ এপ্রিল থেকে শুরু হওয়া এ শুনানি আজ ১৯ এপ্রিল শেষ হওয়ার কথা। মামলা চালানোর মতো যথেষ্ট প্রমাণ আছে কি না, সেটিই ঠিক হবে এই শুনানিতে। যদিও আদালতের রায় আসার আগেই এসএনসি-লাভালিন তাদের পক্ষ থেকে করা অসদাচরণের অভিযোগ মেনে নিল। বিশ্বব্যাংকের নিষেধাজ্ঞা: বিশ্বব্যাংক জানায়, এসএনসি-লাভালিন ইনকরপোরেটের শতাধিক সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও একই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এই প্রতিষ্ঠানগুলো আগামী ১০ বছর বিশ্বব্যাংকের সহায়তাপুষ্ট কোনো প্রকল্পে দরপত্রে অংশ নিতে পারবে না, কার্যাদেশ পাবে না, এমনকি কোনোভাবেই সম্পৃক্ত হতে পারবে না। এটাই কোনো প্রতিষ্ঠান বা শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে বিশ্বব্যাংকের সর্বোচ্চ সময়ের জন্য নিষেধাজ্ঞার উদাহরণ। বিশ্বব্যাংকের বিবৃতি অনুযায়ী, পদ্মা সেতু প্রকল্পে তদারকি কাজে পরামর্শক হিসেবে কাজ পাইয়ে দিতে এসএনসি-লাভালিন ও বাংলাদেশের কর্মকর্তাদের মধ্যে ঘুষ লেনদেন ষড়যন্ত্রসংক্রান্ত অভিযোগের তদন্ত করেছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক ও এসএনসি-লাভালিন শিল্পগোষ্ঠীর সমঝোতা সমাধান চুক্তির অংশ হিসেবে এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। উল্লেখ্য, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেই থেমে থাকে না বিশ্বব্যাংক। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যাতে এ ধরনের অসদাচরণ বা দুর্নীতির ঝুঁকি কমিয়ে আনতে পারে, সে জন্য বিশ্বব্যাংকের সঙ্গে ওই প্রতিষ্ঠানের সমঝোতা চুক্তি হয়। চুক্তির শর্তসমূহ পরিপালন করতে পারলে শাস্তির মেয়াদ কমিয়ে দিতে পারে বিশ্বব্যাংক। একইভাবে চুক্তির সব শর্ত পরিপালন করলে এসএনসি-লাভালিন ইনকরপোরেশনের নিষেধাজ্ঞার মেয়াদও আট বছরে কমিয়ে আনার সুযোগ রয়েছে বলে বিশ্বব্যাংকের বিবৃতিতে বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এসএনসি-লাভালিন গ্রুপ বা শিল্পগোষ্ঠীর অবশিষ্টাংশ (অন্য সহযোগী প্রতিষ্ঠানসমূহ) শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞার বাইরে থাকবে। চুক্তির শর্তসমূহ পরিপালনে ব্যর্থ হলে সহযোগী প্রতিষ্ঠানসমূহকে একই ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। বিবৃতিতে আরও জানানো হয়, পদ্মা সেতু নিয়ে যখন বিশ্বব্যাংকের এই তদন্ত চলছিল, তখন সংস্থাটির ইন্টেগ্রিটি ভাইস প্রেসিডেন্সি (আইএনটি) জানতে পারে যে, বিশ্বব্যাংক সহায়তাপুষ্ট কম্বোডিয়ার পল্লী বিদ্যুতায়ন ও বিতরণ প্রকল্পেও এসএনসি-লাভালিন ইনকরপোরেশনের অসদাচরণ বা দুর্নীতি করেছে। বিবৃতিতে ইন্টেগ্রিটি ভাইস প্রেসিডেন্ট লিওনার্দ ম্যাকক্যার্থি বলেন, ‘এই কেসটি হলো বিশ্বব্যাপী দুর্নীতির বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপের প্রামাণ্য সাক্ষ্য। প্রথমে আমাদের কাছে প্রতিষ্ঠানটির অসদাচরণ বা দুর্নীতির প্রমাণাদি এল। পরে আমরা তা রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের কাছে হস্তান্তর করি। একই সঙ্গে বিশ্বব্যাংকও তদন্ত শেষ করে।’ তিনি বলেন, ‘আশা করি, এসএনসি-লাভালিন তাদের প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়ন প্রকল্পে প্রতারণা ও দুর্নীতি ঝুঁকি কমাতে কার্যকর পদক্ষেপ নেবে।’ বিশ্বব্যাংকের বিবৃতিতে আরও বলা হয়েছে, বিশ্বব্যাংক সহায়তাপুষ্ট প্রকল্পের দরপত্রে অংশ নেওয়ার প্রক্রিয়ায় এসএনসি-লাভালিন ঘুষ লেনদেন ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থেকে অসদাচরণ করেছে, যা বিশ্বব্যাংকের ক্রয়নীতি লঙ্ঘনের শামিল। এসএনসি-লাভালিন ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলো প্রতিশ্রুতি দিয়েছে যে, তাদের অভ্যন্তরীণ পরিপালন (কমপ্লায়েন্স) কর্মসূচির উন্নতি-প্রক্রিয়া অব্যাহত রাখবে। আইএনটি বিশ্বব্যাংকের সহায়তাপুষ্ট প্রকল্পে প্রতারণা, যড়যন্ত্র ও দুর্নীতি প্রতিরোধে কাজ করে থাকে। এর আগে ২০১২-১৩ অর্থবছরে ৭২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্বব্যাংক। এসএনসি-লাভালিনের বক্তব্য: গতকাল এসএনসি-লাভালিনের ওয়েবসাইটে এই নিষেধাজ্ঞার বিষয়ে প্রকাশিত বিবৃতিতে নিষেধাজ্ঞার বিষয়টি মেনে নিয়ে দুর্নীতি কমাতে সুশাসন প্রতিষ্ঠায় পর্যাপ্ত উদ্যোগ নেওয়ার কথা বলেছে এসএনসি-লাভালিন। বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বব্যাংকের সঙ্গে প্রতিষ্ঠানটি একধরনের সমঝোতায় পৌঁছেছে। এই সমঝোতার অংশ হিসেবে এসএনসি-লাভালিন ও এর সহযোগী প্রতিষ্ঠানের ওপর ১০ বছরের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ সময়ে এই প্রতিষ্ঠানসমূহ বিশ্বব্যাংক সহায়তাপুষ্ট কোনো প্রকল্পের দরপত্রে অংশ নিতে পারবে না, আবার কোনো দরপত্রের কার্যাদেশও পাবে না। আর সমঝোতার শর্তসমূহ শতভাগ পরিপালন করলে নিষেধাজ্ঞার মেয়াদ আট বছরে কনিয়ে আনা হতে পারে। তবে শর্তসমূহ ‘গোপনীয়’ বলে উল্লেখ করেছে এসএনসি-লাভালিন। এই প্রতিষ্ঠানটি ভবিষ্যতে চুক্তির শর্তসমূহ পালনে বিশ্বব্যাংককে সহায়তা করবে। ঘুষ লেনদেনের যড়যন্ত্র প্রকাশ পাওয়ার এসএনসি-লাভালিন যেসব উদ্যোগ নিয়েছে, তার বিবরণও বিবৃতিতে দেওয়া হয়েছে। ঘটনাটি প্রকাশ হওয়ার পরই একটি অভ্যন্তরীণ তদন্ত কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। পরে বিশ্বব্যাংকের তদন্ত কার্যক্রমেও সহায়তা করেছে। বিবৃতিতে এসএনসি-লাভালিন গ্রুপের সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা রবার্ট জি কার্ড বলেন, প্রতিষ্ঠানের অভ্যন্তরে সুশাসন প্রতিষ্ঠায় কঠোর পরিপালন নীতি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে। ইতিমধ্যে প্রধান পরিপালন কর্মকর্তা নিয়োগ দিয়েছে এসএনসি-লাভালিন। নৈতিক ও ব্যবসায়িক আচরণবিধি হালনাগাদ করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের অভ্যন্তরে সুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ মানদণ্ড নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিবৃতি অনুযায়ী, এসএনসি-লাভালিনের বার্ষিক মোট আয়ের এক শতাংশই আসে বিশ্বব্যাংক সহায়তাপুষ্ট প্রকল্প থেকে।২০১২ সালের জুন মাসে দুর্নীতির অভিযোগ এনে দেশের সর্ববৃহৎ প্রকল্পের ঋণচুক্তি বাতিল করে বিশ্বব্যাংক। এই প্রকল্পে ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল। এরপর সরকারের সঙ্গে সমঝোতার ভিত্তিতে এই প্রকল্পে শর্তসাপেক্ষে ফিরে আসে বিশ্বব্যাংক। কিন্তু শর্ত পূরণের আগেই সরকারের তরফ থেকে বিশ্বব্যাংককে জানিয়ে দেওয়া হয়, পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থের প্রয়োজন নেই। প্রকল্প বাস্তবায়নে বিশ্বব্যাংকের সময়সীমার সঙ্গে সরকারের সময়সীমার সামঞ্জস্য নেই—সরকারের পক্ষ থেকে এমন বক্তব্য দেওয়া হয়। মূলত দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের নাম না থাকায় বিশ্বব্যাংক তা মেনে নেয়নি। ফলে অর্থ যে পাওয়া যাবে না, তার ইঙ্গিত আগেই দেওয়া হয়েছি। স্বাগত জানিয়েছে দুদক: এদিকে এসএনসি-লাভালিন নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দুদকের চেয়ারম্যান গোলাম রহমান। গতকাল দুপুরে সেগুনবাগিচায় প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, দুদকও মনে করে, এসএনসি-লাভালিন দুষ্কর্ম করেছে। ইতিমধ্যে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের পক্ষ থেকে মামলাও করা হয়েছে। দুদকের প্রাথমিক অনুসন্ধানে বিষয়টি প্রমাণিতও হয়েছে।