ঘুষ না দেওয়ায় ঘুষি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক কর্মকর্তা ঘুষ চেয়েছেন। আরেক কমান্ডার ঘুষের প্রতিবাদ করেছেন। এ কারণে কর্মকর্তা কমান্ডারকে ঘুষি মেরেছেন। ঘুষ চাওয়া নিয়ে এমন অপ্রীতিকর ঘটনার অভিযোগ উঠেছে। আজ রোববার মেহেরপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি অফিসে সদর উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষণ কর্মকর্তা আসাদুর রহমানের বিরুদ্ধে কুতুবপুর ইউনিয়নের ভিডিপি কমান্ডার আবুল কাশেমকে ঘুষি মারার অভিযোগ পাওয়া গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে সদর উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষণ কর্মকর্তা অফিসকক্ষের মধ্যে হট্টগোলের শব্দ পেয়ে ছুটে যান অফিসের অনেকেই। এ সময় সদর উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষণ কর্মকর্তা আসাদুর রহমান সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ভিডিপি কমান্ডার আবুল কাশেমকে ঘুষি মারেন। এ ছাড়া ভিডিপি কমান্ডার আবুল কাশেম ভিডিপি প্রশিক্ষণ কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালি দেন ও মারতে যান।এ ব্যাপারে কমান্ডার আবুল কাশেম প্রথম আলো ডটকমকে বলেন, এবার দুর্গাপূজার আইনশৃঙ্খলা রক্ষার কাজে প্রায় ৩০০ আনসার-ভিডিপি সদস্যকে দায়িত্ব দেওয়ার জন্য বিভিন্ন কমান্ডারের কাছ থেকে নাম আহ্বান করা হয়। নিয়ম অনুযায়ী পূজা উপলক্ষে আনসার-ভিডিপির সদস্যদের পাঁচ দিন নিজ নিজ মণ্ডপে দায়িত্ব পালন করতে হয়। এ জন্যপ্রতি আনসার সদস্যকে প্রতিদিন ২৫০ টাকা হাজিরা দেওয়া হয়। তিনি চারজনের নাম দিলে আনসার কর্মকর্তা জনপ্রতি ৩০০ টাকা করে ঘুষ চান। এর প্রতিবাদ করলে কর্মকর্তা তাঁকে ঘুষি মেরে আহত করেন। পরে মেহেরপুর সদর হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসা নেন। এ ব্যাপারে সদর উপজেলা আনসার-ভিডিপির প্রশিক্ষণ কর্মকর্তা আসাদুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, জেলায় দুর্গাপূজার দায়িত্ব পালনের জন্য ২৭০ আনসার-ভিডিপি সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে। এ জন্য কমান্ডারদের কাছ থেকে নাম আহ্বান করা হয়। ইউনিয়ন কমান্ডার আবুল কাশেম চারজনের নাম দেন। এর মধ্যে একজনের নাম তালিকা থেকে বাদ পড়ে। এ নিয়ে ইউনিয়ন কমান্ডার তাঁর ওপর চড়াও হন এবং কাগজপত্র চান। তিনি দিতে অপরাগতা প্রকাশ করলে ইউপি কমান্ডার তাঁকে অকথ্য ভাষায় গালি দেন। এ সময় উভয়ে উত্তেজিত হলে কমান্ডার চেয়ারের ওপর উঠে কক্ষ ত্যাগের সময় পড়ে গিয়ে আহত হন। তিনি ঘুষ চাননি এবং ঘুষের জন্য তাঁকে ঘুষি মারেননি।অধীনস্থ ওই কমান্ডারের বিরুদ্ধে কেন প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বিভিন্ন কারণে চাপে থাকি। তাই এসবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেইনি।’