থানায় ডায়েরি, বাসা ছেড়েছেন, বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত
ঘুষ নিয়ে পলাতক জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা
রাজধানীর তিতুমীর কলেজের ছাত্র মওদুদ আহম্মেদ জাতীয় বিশ্ববিদ্যালয়ে অফিস সহকারী পদে চাকরি পাওয়ার আশায় এক লাখ ২৩ হাজার টাকা ঘুষ দিয়েছেন। একই পদে চাকরি পেতে ৭০ হাজার টাকা ঘুষ দিয়েছেন শরীফুল আলম। টাকা দিয়েও ওই দুজনের কেউই চাকরি পাননি। আবার টাকা ফেরতও পাচ্ছেন না তাঁরা। তাঁদের কাছ থেকে ঘুষ হিসেবে ওই টাকা নিয়েছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার হাফেজ আহমেদ নোমান। তিনি এখন পলাতক। ছুটি না নিয়েই তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত। ভাড়া বাসা ছেড়েও লাপাত্তা। পাওনাদারেরা থানায় একের পর এক সাধারণ ডায়েরি করছেন, খুঁজছেন ওই কর্মকর্তাকে। অনুসন্ধানে জানা যায়, শুধু চাকরি দেওয়ার জন্য নয়, কলেজে আসন বাড়ানো, জাল সনদ দেওয়া, পরীক্ষায় নম্বর বাড়ানোসহ বিভিন্ন কাজের জন্যও হাফেজ টাকা নিয়েছেন। তাঁর নিজের পিএইচডি ডিগ্রি নিয়েও প্রশ্ন রয়েছে। পরীক্ষায় নম্বর বাড়িয়ে দেওয়ার কথা বলে ছোটবেলার বন্ধু আবদুস সোবহানের কাছ থেকেও হাফেজ ৮০ হাজার টাকা নিয়েছেন। আবদুস সোবহান ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। তিনিও টাকা উদ্ধার করতে পারছেন না বলে প্রথম আলোকে জানিয়েছেন ।এ বি এম আনোয়ার হোসেন নামের এক ছাত্র অভিযোগ করেন, হাফেজ আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজে গিয়ে প্রতিটি বিভাগে আসনসংখ্যা বাড়িয়ে দেওয়ার কথা বলেন। এর বিনিময়ে তিনি এক লাখ ৮৭ হাজার টাকা দাবি করেন। একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আনোয়ার ধাপে ধাপে ওই টাকা পাঠান। ফেব্রুয়ারির মাঝামাঝি কলেজের ভর্তি-প্রক্রিয়া শেষ হয়ে যায়। তার পরও আসনসংখ্যা না বাড়ানোয় হাফেজের সঙ্গে আনোয়ার যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তাঁকে কোথাও পাওয়া যাচ্ছে না। চাকরির জন্য টাকা দেওয়া মওদুদ ক্ষোভের সঙ্গে প্রথম আলোকে জানান, জানুয়ারি মাসে টাকা দেওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যাচ্ছে না।উত্তরা থানার উপপরিদর্শক মোহাম্মদ হারুন জানান, হাফেজের বিরুদ্ধে অভিযোগ শুনতে শুনতে তাঁরা ক্লান্ত। কয়েকটি সাধারণ ডায়েরি হয়েছে তাঁর বিরুদ্ধে। প্রতারণা করে ওই কর্মকর্তা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। উত্তরা মডেল থানায় তিনটি সাধারণ ডায়েরিতে (৭৪, ২২৭৫, ২২৭৭) কখন ও কীভাবে হাফেজ ঘুষ নিয়েছেন, তার বিস্তারিত বিবরণ রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।জানা যায়, হাফেজ উত্তরা ৭ নম্বর সেক্টরের ২৭ নম্বর বাসায় বসবাস করছিলেন। ওই বাড়ির তত্ত্বাবধায়ক উত্তরার মাইলস্টোন কলেজের শিক্ষক রাসেল আহমেদ জানান, গত ছয় মাসে অন্তত চারবার পুলিশ হাফেজের খোঁজে তাঁদের বাড়িতে এসেছে। বাড়িতে ঘন ঘন পাওনাদারদের আসা নিয়ে তিনিও বিরক্ত ছিলেন। কিন্তু বাড়ি ছাড়ার নোটিশ দেওয়ার পরও হাফেজ কর্ণপাত না করায় শেষ পর্যন্ত তিনি স্থানীয় পুলিশের সহায়তা চান। অবশেষে গত রোববার তিনি বাড়ি ছেড়ে কোনো এক আত্মীয়ের বাসায় ওঠেন।হাফেজের জালিয়াতির শিকার কয়েকজন ব্যক্তি প্রথম আলোকে জানান, সরকার ও বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পর্যায়ে যোগাযোগ থাকার কথা বলে তিনি টাকা নিয়েছেন। টাকা ফেরত চাইলে মেরে ফেলার হুমকি দিতেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ভরযোগ্য সূত্র জানায়, ১৯৯৪ সালে শাখা কর্মকর্তা হিসেবে যোগ দেওয়ার পর থেকেই তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করতেন এবং সরকারের উচ্চপর্যায়ে ভালো যোগাযোগ আছে—এমন দাবি করেই তিনি মূলত আওয়ামী লীগ সরকারের আমলে ধরাছোঁয়ার বাইরে থেকে গেছেন। হাফেজ তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশালে ২০০২ সালে মুখ্যপাড়া কলেজ নামে একটি উচ্চমাধ্যমিক কলেজ প্রতিষ্ঠা করেন। সরকারি চাকরিতে থাকা অবস্থায় বিধিবহির্ভূতভাবে তিনি ওই কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে কাজ করছেন। তিনি মুখ্যপাড়া স্কুল কমিটিরও চেয়ারম্যান বলে জানিয়েছেন ওই কলেজের অধ্যক্ষ নূর জাহান পারভীন।একজন সহকারী রেজিস্ট্রারের এ ধরনের কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন ফকির রফিকুল আলম প্রথম আলোকে জানান, জালিয়াতির বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে, প্রায় দুই মাস কাউকে কিছু না জানিয়ে হাফেজ বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত। বিষয়টি তিনি রেজিস্ট্রার বরাবর জানিয়েছেন।রেজিস্ট্রার ফিরোজ আহমেদ আখতার বলেন, এ বিষয়ে ডিন কার্যালয়কে লিখিতভাবে তথ্য জানাতে বলা হয়েছে।হাফেজ আহমেদের সঙ্গে মুঠোফোনে বাববার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। একবার ফোন ধরে তিনি আধা ঘণ্টা পর কথা বলবেন বলে জানান। এরপর থেকে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত থাকা, বাসা ছেড়ে দেওয়া এবং মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। সম্প্রতি হাফেজের স্ত্রী তাঁর স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ সত্য বলে লিখিত বিবৃতি দিয়েছেন পাওনাদারদের কাছে। সেই বিবৃতির কপি প্রথম আলোর কাছে রয়েছে। ২৮ এপ্রিল হাফেজের বাসায় ১০-১২ জন পাওনাদার গিয়ে ভিড় করেন এবং একপর্যায়ে তাঁর স্ত্রী টাকা ফেরত দেওয়ার মুচলেকা দিতে বাধ্য হন।এ বিষয়ে জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য তোফায়েল আহমেদ চৌধুরী বলেন, তিনি ওই কর্মকর্তার ঘুষ, দুর্নীতি কিংবা অফিসে অনুপস্থিত থাকার বিষয়ে কোনো তথ্য জানেন না।