ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশের বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ নেওয়ার অভিযোগে মিরপুর থানার উপপরিদর্শক মো. রকিবুল হাসানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।আজ রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ আদালতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক। আদালত মামলাটি গ্রহণ করেন। তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে দুদককে নির্দেশ দেন। জানা গেছে, মিরপুরের বাসিন্দা মোসাম্মত ফেরদৌস আরা মামলা দায়ের করলে তা এজাহার হিসেবে গ্রহণ করতে মিরপুর থানাকে নির্দেশ দেন আদালত। পুলিশের উপপরিদর্শক মো. রকিবুল হাসান এই মামলায় একজন আসামিকে গ্রেপ্তার করে বাদী ফেরদৌস আরার কাছে পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেন। ইতিমধ্যে বাদী পুলিশকে ২৫ হাজার টাকা দেন। বাদী বিষয়টি দুদককে জানান। এসআই রকিবুলের সঙ্গে মিরপুর থানার পরিদর্শক শিকদার মো. শামীম হোসেনও জড়িত ছিলেন।এই দুই পুলিশ কর্মকর্তা ফেরদৌস আরাকে ফোন করে ঘুষের বাকি চার লাখ ৭৫ হাজার টাকা চান। বাদী তাঁদের কথোপকথন মোবাইলে রেকর্ড করেন। পরে দুদক এসআই রকিবুলকে ধরার জন্য ফাঁদ পাতে। দুদকের শেখানো মতে ৯ ডিসেম্বর মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সামনে ঘুষের পাঁচ হাজার টাকা এসআই রকিবুলকে দিতে যান ফেরদৌস আরা। এ সময় ওত পেতে থাকা দুদকের কর্মকর্তারা রকিবুলকে গ্রেপ্তার করেন ও তাঁর কাছ থেকে ঘুষের পাঁচ হাজার টাকা উদ্ধার করেন।