ঘুষ নেওয়ার অভিযোগে সিভিল সার্জন গ্রেপ্তার দুদকের মামলা
লালমনিরহাটের সিভিল সার্জন মো. আব্দুস ছোবহানকে ঘুষ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি যৌথ দল গতকাল রোববার গ্রেপ্তার করেছে। একই অভিযোগে ওই কার্যালয়ের হিসাবরক্ষক আব্দুল্লাহ হেল হাফিজকেও গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ঘুষের পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর তাঁদের লালমনিরহাট সদর থানায় সোপর্দ করা হয়।দুদকের বিজ্ঞপ্তিতে বলা হয়, এক ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের একটি বিশেষ দল সংস্থার বিধি ও নির্দেশাবলি অনুসরণে ফাঁদ (ট্র্যাপ) পেতে গতকাল বেলা তিনটা ২০ মিনিটে ঘুষের টাকাসহ সিভিল সার্জন ও হিসাবরক্ষককে হাতেনাতে ধরে ফেলে এবং তাঁদের গ্রেফতার করে। রাজশাহী বিভাগীয় পরিচালক মেজর মোহাম্মদ শফিউল আজমের তত্ত্বাবধানে সিভিল সার্জনের কার্যালয়ে এ অভিযান চালানো হয়। জানা যায়, হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের স্টোরকিপার ছিলেন জসিম উদ্দিন। তিনি ২০০৪ সালে চাকরিরত অবস্থায় মারা যান। এর পর তাঁর ছেলে আসাদুজ্জামান বাবার যৌথ বিমা ও কল্যাণ তহবিলের টাকা তোলার জন্য সিভিল সার্জনের কার্যালয়ে যোগাযোগ করেন। কিন্তু সিভিল সার্জন ওই কাজের জন্য ঘুষ দাবি করেন এবং গত তিন মাস ধরে ফাইলটি আটকে রাখেন। আসাদুজ্জামান সপ্তাহখানেক আগে দুদক ও র্যাবের দপ্তরে লিখিতভাবে এ অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল অভিযান চালানো হয়। এ সময় সিভিল সার্জনের পকেট থেকে আসাদুজ্জামানের কাছ থেকে নেওয়া সাড়ে চার হাজার টাকা উদ্ধার করা হয়। হিসাবরক্ষক আব্দুলাহ হেল হাফিজের কাছ থেকেও ঘুষের ৫০০ টাকা উদ্ধার করা হয়। রংপুর দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মো. খায়রুল হুদা গতকাল রাতে লালমনিরহাট সদর থানায় সিভিল সার্জন ও হিসাবরক্ষকের বিরুদ্ধে মামলা করেন। দুদকের বিভাগীয় পরিচালক মেজর মোহাম্মাদ শফিউল আজম বলেন, ঘুষের টাকাসহ তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।সিভিল সার্জন আব্দুস ছোবহান সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি পরিস্থিতির শিকার। র্যাব-৫-এর উপসহকারী পরিচালক (ডিএডি) জাহাঙ্গীর আলম জানান, তাঁরা অভিযানে দুদককে সহযোগিতা করেছেন।