রিহ্যাব সদস্যদের প্রতি রাজউকের চেয়ারম্যান
ঘুষ বন্ধ করুন, কারা দিয়েছেন কাকে দিয়েছেন তালিকা দিন
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. নূরুল হুদা ঘুষ দেওয়া বন্ধ করার জন্য রিহ্যাবের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আপনারা ঘুষ দেওয়া বন্ধ করুন। আর কারা কারা ঘুষ দিয়েছেন, তাঁদের একটা তালিকা দিন। রাজউক থেকে কারা কারা ঘুষ নিয়েছেন, তাঁদেরও তালিকা দিন। তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ব্যবস্থা নিতে না পারলে চাকরি ছেড়ে চলে যাব।’ রাজউকের চেয়ারম্যান গতকাল রোববার সন্ধ্যায় ‘রিহ্যাব ফেয়ার ২০০৯’-এর সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গত শনিবার রিহ্যাবের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বলেছিলেন, রাজউকের প্রধান সমস্যা দুর্নীতি। তত্ত্বাবধায়ক সরকারের সময়ে হুমকি-ধমকির কারণে দুই বছরে দুর্নীতি কিছুটা কমেছিল, বর্তমানে আবার বেড়েছে।রাজধানীর একটি হোটেলে গতকাল ওই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। রিহ্যাবের সভাপতি তানভীরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাধারণ সম্পাদক খালেদ মোহাম্মদ জুয়েল মোল্লা, সহসভাপতি সাঈদ নজরুল প্রমুখ। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এই অনুষ্ঠানের আয়োজন করে। রাজউকের চেয়ারম্যান বলেন, দুর্নীতির দায়ে ইতিমধ্যে রাজউকের চারজনকে চাকরিচ্যুত করা হয়েছে। এ ছাড়া ২৫ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি বলেন, রাজউকের অনেক ভুলত্রুটি রয়েছে। কিন্তু ঢালাওভাবে রাজউকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনা হয়তো ঠিক নয়। অনিয়মের জন্য এককভাবে রাজউক দায়ী নয়। নূরুল হুদা বলেন, এক হাতে তালি বাজে না। একটা সংস্থার বিরুদ্ধে একতরফা অভিযোগ করা হলে ওই সংস্থা কাজ করতে পারে না। রাজউক ঢালাওভাবে ভবন নির্মাণের নকশা অনুমোদন দিলে ঢাকা কংক্রিটের বস্তিতে পরিণত হতো। তিনি বলেন, নকশা অনুমোদনে বেশির ভাগ ক্ষেত্রে ডেভেলপাররা অনিয়মের আশ্রয় নেন। অনুমোদনের পর ৯০ শতাংশ নকশা পরিবর্তন করা হয়েছে। তিনি রাজউকের নীতিমালা মেনে রিহ্যাব সদস্যদের ভবন নির্মাণের আহ্বান জানান।প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী বলেন, ঢাকা শহরে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় আবাসন সমস্যা বাড়ছে। জমির পরিমাণ কমে যাওয়ায় বহুতল ভবন নির্মাণ না করলে আবাসন সমস্যা কাটবে না। তিনি রিহ্যাবকে এ কাজে সহায়তার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান সরকার পরিবেশবান্ধব নগরায়ণ করতে চায়। এ জন্য তিনি রিহ্যাব সদস্যদের জলাশয় ভরাট না করে ও বনায়ন ঠিক রেখে প্রকল্প নেওয়ার পরামর্শ দেন। রিহ্যাবের সভাপতি বলেন, পাঁচ দিনব্যাপী আবাসন মেলায় সর্বমোট ৩৭ হাজার ২৫১ জন দর্শক-ক্রেতা এসেছিল। টিকিট বিক্রি বাবদ ১৮ লাখ টাকা আয় হয়েছে। এবারের মেলা থেকে এক হাজার ৮৩ কোটি টাকার বুকিং পাওয়া গেছে। এ ছাড়া দুই হাজার ৭০০ কোটি টাকার প্লট ও ফ্ল্যাট কেনার প্রতিশ্রুতি পাওয়া গেছে।