ঘুষ-বাণিজ্য: শিক্ষা মন্ত্রণালয়ের পিয়ন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মগবাজার এলাকা থেকে শিক্ষামন্ত্রীর দপ্তরের এমএলএসএস (পিয়ন) মোহাম্মদ আলীকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। সরকারি ছাপাখানা ‘বিজি প্রেসের’ ১২ কর্মচারীর চাকরি প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার মাধ্যমে স্থায়ী করার আশ্বাস দিয়ে তাঁদের কাছ থেকে ছয় লাখ ৮০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।মোহাম্মদ আলী বাংলাদেশ সরকারি চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির একাংশের সভাপতি। গতকাল বুধবার রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে ।তেজগাঁও শিল্পাঞ্চল থানা জানায়, গতকাল রাত নয়টার দিকে গোপন খবরের ভিত্তিতে পুলিশ মগবাজারের চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির কার্যালয়ে অভিযান চালিয়ে কর্মচারী নেতা মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে। পরে তাঁকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নেওয়া হয়। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইমাম হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, সরকারি ছাপাখানা ‘বিজি প্রেসের’ ১২ কর্মচারীর চাকরি প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার মাধ্যমে স্থায়ী করার আশ্বাস দিয়ে তাঁদের কাছ থেকে ছয় লাখ ৮০ হাজার টাকা ঘুষ নিয়েছেন মোহাম্মদ আলী ও তাঁর সংগঠনের মহাসচিব জাহাঙ্গীর আলম। বিশ্বাসযোগ্যতা অর্জন করাতে তাঁরা উপদেষ্টার সই জাল করা একটি চিঠিও দেখান কর্মচারীদের। এরপর ১২ কর্মচারী তাঁদের ঘুষ দেন। কিন্তু তাঁদের চাকরি আর স্থায়ী হয়নি। ভুক্তভোগীরা টাকা চাইতে গেলে টাকা ফেরত না দিয়ে নানা টালবাহানা করেন দুই কর্মচারী নেতা। এতে বিজি প্রেসের প্রতারণার শিকার কর্মচারী হারুন অর রশীদ ৪ অক্টোবর বাদী হয়ে টাকা আত্মসাতের অভিযোগে থানায় মামলা করেন। এই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। থানার একাধিক কর্মকর্তা জানান, গ্রেপ্তারের পর মোহাম্মদ আলীকে থানা থেকে ছাড়িয়ে নিতে মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা তদবির করেন। বিজি প্রেসের কর্মচারীদের চাকরি স্থায়ী করে দেওয়ার কথা বলে মোহাম্মদ আলীর সংগঠনের মহাসচিব জাহাঙ্গীর আলমও ঘুষ নিয়েছেন। কিন্তু কর্মচারীদের চাকরি আর স্থায়ী হয়নি। এতে ক্ষুব্ধ কর্মচারীরা জাহাঙ্গীরকে পিটিয়েছিলেন। তবে আজ বৃহস্পতিবার বিকেলে থানা হাজতে মোহাম্মদ আলী দাবি করেন, তিনি আত্মসাতের সঙ্গে জড়িত নন। সংগঠনের মহাসচিব তাঁকে মামলায় ফাঁসিয়েছেন।