ঘুষি মেরে বিপাকে সাইফ আলী খান!
‘আমার সঙ্গে যেসব নারী ও বন্ধু ছিলেন, তাঁদের অপদস্থ করা হয়েছিল। আমি হামলার শিকার হই। সেখানে আমার ভূমিকা ছিল আত্মরক্ষা মাত্র। আইনের প্রয়োজনে ব্যাখ্যা দিতে থানায় গিয়েছিলাম।’ বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে বললেন সাইফ আলী খান।গত মঙ্গলবার মধ্যরাতে মুম্বাইয়ের তাজমহল প্যালেস হোটেলের ওয়াসাবি জাপানি রেস্তোরাঁয় ঘটনার সূত্রপাত। ভারতীয় বংশোদ্ভূত একজন ব্যবসায়ীকে ঘুষি মারায় তিনি গ্রেপ্তার হন। তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। আবার কিছুক্ষণের মধ্যেই জামিনে ছাড়াও পেলেন। এদিকে গত বৃহস্পতিবার ইকবালের বিরুদ্ধে থানায় পাল্টা অভিযোগ দায়ের করেছেন সাইফ আলী খান। কোলাবা থানায় করা মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই রেস্তোরাঁয় প্রেমিকা কারিনা কাপুর, তাঁর বোন কারিশমা, অমৃতা অরোরা, তাঁর ব্যবসায়ী স্বামী শাকিল লাদাক, মালাইকা অরোরা, প্রযোজক বিলাল আমরোহিসহ আরও কয়েকজনের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন সাইফ আলী খান। তাঁদের পাশের টেবিলে ছিলেন ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী ইকবাল মীর শর্মা। ইকবালের বরাত দিয়ে পুলিশ জানায়, সাইফদের টেবিলে হট্টগোল হচ্ছিল বলে তিনি ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ব্যক্তিদের এ ব্যাপারে জানান। এ নিয়ে একপর্যায়ে সাইফের সঙ্গে তাঁর বিরোধ দেখা দেয়। সাইফ ও তাঁর সঙ্গীরা তাঁকে ও তাঁর শ্বশুরকে মারধর করেন। সাইফের ঘুষিতে তাঁর নাক ফেটে যায় বলে অভিযোগ করেন তিনি। রাতেই সাইফ, শাকিল ও বিলালকে গ্রেপ্তার করা হয়। পিটিআই, টাইমস অব ইন্ডিয়া।