ঘুষের অভিযোগে চার ট্রাফিক কর্মকর্তা বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক ঘটনায় পরিবহনের মালিকদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে আজ বুধবার পুলিশের ট্রাফিক বিভাগের চারজন সার্জেন্টকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, ট্রাফিক পুলিশের সার্জেন্ট জিয়াউল হক, সার্জেন্ট শহীদুল ইসলাম, সার্জেন্ট মো. শাহীন ও সার্জেন্ট হেলালউদ্দিন। একই অভিযোগে ট্রাফিক পুলিশের পরিদর্শক মাজেদ আলীকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মো. মাসুদুর রহমান ঘটনাটি নিশ্চিত করে প্রথম আলো ডটকমকে বলেন, এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, কয়েক দিন ধরে রাজধানীর মত্স্য ভবন, মগবাজার, গুলশান-১ ও মহাখালী এলাকায় পরিবহনের মালিকদের কাছ থেকে ট্রাফিক কর্মকর্তাদের ঘুষ নেওয়ার দৃশ্য গোপন ক্যামেরায় ধারণ করে বেসরকারি টেলিভিশন চ্যানেল ইন্ডিপেনডেন্ট। আজ এ নিয়ে সচিত্র প্রতিবেদন প্রচার করা হয়। বিষয়টি ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদের নজরে আসে। এরপর তিনি ট্রাফিকের দক্ষিণ ও উত্তর বিভাগের উপকমিশনারকে অভিযুক্ত ট্রাফিক কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এর পরই তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়। ট্রাফিক পরিদর্শক মাজেদ আলীকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সদর দপ্তর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যানবাহন চলাচলে বিঘ্ন ঘটানো হবে না—এমন শর্তে পরিবহনের মালিকেরা দীর্ঘদিন ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের পছন্দমতো স্থানে গিয়ে ঘুষ দেন। জানা যায়, ইন্ডিপেনডেন্ট টেলিভিশন ঘুষ নেওয়ার এ গোপন চিত্র ধারণ করেছে গুলশান-১ নম্বরের একটি চায়ের দোকান, মত্স্য ভবনের মোড়ের ট্রাফিক বক্স, মগবাজারে ক্যাফে ডি চায়নিজ রেস্তোরাঁর সামনে এবং কাকরাইলে গির্জার পাশের একটি ঘর থেকে। পরিবহনের মালিকেরা অভিযোগ করেন, রাজধানীতে পরিবহন চালাতে প্রায় সব মালিককে ট্রাফিক বিভাগের সার্জেন্ট, পরিদর্শক ও সহকারী কমিশনারদের ঘুষ দিতে হয়। সার্জেন্টকে প্রতি সপ্তাহে ৫০০ থেকে দেড় হাজার, পরিদর্শক ও সহকারী কমিশনারকে মাসিক দুই থেকে আড়াই হাজার টাকা ঘুষ দিতে হয়। এ ছাড়া শিক্ষানবিশ সার্জেন্টকে সাপ্তাহিক ৩০০ টাকা করে দিতে হয়। গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান বলেন, তদন্ত কমিটি ঘটনার সঙ্গে ট্রাফিক কর্মকর্তাদের সংশ্লিষ্টতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু হবে।