ঘুষের অভিযোগে বিজেপি নেতার চার বছরের জেল
ঘুষ নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজেপির সাবেক সভাপতি বঙ্গারু লক্ষ্মণকে চার বছরের কারাদণ্ড ও এক লাখ রূপি জরিমানা করা হয়েছে। আজ শনিবার লক্ষ্মণকে এ শাস্তি দেন নয়াদিল্লির আদালত।৭২ বছর বয়সী লক্ষ্মণকে পাঁচ বছরের সাজা দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় লক্ষ্মণের মেয়ে আদালতে হাজির ছিলেন।আদালতে লক্ষ্মণ বলেন, ‘প্রথমবারের মতো আমি এ ধরনের পরিস্থিতিতে পড়েছি।’ স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি সাজা কমানোর আবেদন করেছেন। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন জানিয়ে লক্ষ্মণের আইনজীবী বলেন, এখনই চূড়ান্ত কিছু হয়নি।অস্ত্র ব্যবসায়ী সেজে ভারতীয় জনতা পার্টির সাবেক প্রধান বঙ্গারু লক্ষ্মণকে ঘুষ দিয়েছিলেন এক সাংবাদিক। এক লাখ রুপি ঘুষ দেওয়ার সেই দৃশ্য ধারণ করা হয় গোপন ক্যামেরায়। তেহেলকা ডটকমের সেই ‘অপারেশন ওয়েস্টএন্ড’ নামে সেই ভিডিওচিত্র ফাঁস হলে ভারতজুড়ে হইচই শুরু হয়। ঘটনার ১১ বছর পর দোষী সাব্যস্ত হলেন বঙ্গারু।১৫৫ পৃষ্ঠার রায়ে আদালত বলেন, সরকারি কর্মচারীদের প্রভাবিত করতে লক্ষ্মণ অর্থ নিয়েছেন। দুর্নীতি দমন আইন, ১৯৮৮ অনুযায়ী ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিবিআই) তদন্তে বঙ্গারু লক্ষ্মণের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে।রায়ের সময় আদালতে উপস্থিত তেহেলকার সাংবাদিক অনিরুদ্ধ বহাল বলেন, ‘আমাদের পদ্ধতি নিয়ে হয়তো সমস্যা থাকতে পারে, উদ্দেশ্য নিয়ে সংশয় নেই।’২০০১ সালে বঙ্গারুর দুর্নীতির ঘটনাটি ফাঁস করে তেহেলকা ডটকম। অপারেশন ওয়েস্টএন্ড নামে এক অভিযানের মাধ্যমে তাঁর ঘুষ নেওয়ার ঘটনাটি উদঘাটন করা হয়। ওই সময় অস্ত্র ব্যবসায়ীর বেশ ধরা সাংবাদিকের কাছ থেকে ঘুষের অর্থ নেওয়ার সময় ক্যামেরায় ধরা পড়েন বঙ্গারু। এর পরপরই বিজেপির প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি নেন বঙ্গারু।জানা যায়, ২০০৬ সালের ৬ ডিসেম্বর প্রাথমিক অনুসন্ধান শেষে লক্ষ্মণ, তাঁর সহকারী এন উমামেশ্বর রাজু ও টি সত্যমারথির বিরুদ্ধে আদালতে অভিযোগ আনা হয়। পরে আদালতের রায়ে সত্যমারথি ও রাজু খালাস পান। তবে দিল্লির একটি আদালত গত বছরের মে মাসে লক্ষ্মণের বিরুদ্ধে ফের দুর্নীতির অভিযোগ আনেন।বিজেপির সাবেক এই সভাপতি এখনো দলের জাতীয় নির্বাহী কমিটির একজন সদস্য। এনডিটিভি