ঘুষের টাকা ফেরত দিয়েছেন ঝিনাইদহের সাবেক সাংসদ
ঝিনাইদহের বিএনপি দলীয় সাবেক সাংসদ শহিদুল ইসলাম মাস্টার শিক্ষক নিয়োগ দিয়ে যে টাকা ঘুষ নিয়েছিলেন তা ফেরত্ দিয়েছেন। ফেরত দেওয়া ঘুষের সাড়ে ৫ লাখ টাকায় কাঠগড়া কলেজের ভবন নির্মান কাজ শুরু হয়েছে। ওই কলেজে ৮ জন শিক্ষক নিয়োগ দিয়ে তিনি এই টাকা নিয়েছিলেন। ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাঠগড়া কলেজের শিক্ষকরা অভিযোগ করেন, চাকুরী দিয়ে টাকা নিলেও তাদের বেতন না হওয়ায় তারা শিক্ষা মন্ত্রনালয় বরাবর লিখিত অভিযোগ করেন। শিক্ষা মন্ত্রনালয় থেকে এ বিষয়ে তদন্ত শুরু হয়। ঘটনাটি সংবাদপত্রে প্রকাশ হলে তিনি কলেজের অধ্যক্ষের হাতে টাকা ফেরত্ দেন। কলেজের অধ্যক্ষ বলাই চন্দ্র পাল জানান, স্থানীয় কিছু শিক্ষানুরাগীর প্রচেষ্টায় ১৯৯৮ সালে মহেশপুর উপজেলার পুড়াপাড়া বাজারের পাশে কাঠগড়া বাওড়ের ধারে প্রতিষ্ঠা করা হয় কাঠগড়া কলেজ। কলেজ থেকে ৯ টি ব্যাচ পাবলিক পরীক্ষায় অংশ নিয়েছে। প্রতিবারই ভালো ফলাফল করেছে। সর্বশেষ ২০০৯ সালের পরীক্ষায় ৩ জন জিপিএ-৫ পেয়েছে। ১৩৬ জন পরীক্ষা দিয়ে ১০২ জন পাস করেছে। বর্তমানে কলেজে ৩৫৮ জন শিক্ষার্থী, ১১ টি ক্লাস রুম, দুইটি অফিস রুম ও একটি ছাত্রী কমন রুম রয়েছে। তিনি প্রথম থেকেই অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। কলেজটি ১৯৯৯-২০০০ শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রী ভর্তির অনুমতি লাভ করে। পরে কলেজটি এমপিওভুক্ত হয়। কিন্তু বিগত আওয়ামীলীগ সরকারের সময়ে কলেজটি প্রতিষ্ঠা হওয়ায় ২০০১ সালে জোট সরকার ক্ষমতায় আসার পর স্থানীয় বিএনপি দলীয় সাংসদ শহিদুল ইসলাম পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হন। তিনি লিখিত আবেদন করে কলেজের এমপিও বাতিল করান। এরপর থেকে আজ পর্যন্ত কেউ বেতন পাননি। বর্তমানে কলেজের ২৫ জন শিক্ষক-কর্মচারীর কষ্টে জীবন যাপন করছেন। এরপর ইতিপূর্বে নিয়োগকৃত শিক্ষকদের বেতন চালুর ব্যবস্থা না করেই সভাপতি নতুন শিক্ষক নিয়োগে তত্পর হন। ২০০৪ সালে তিনি ৮ জন শিক্ষক নিয়োগ দিয়ে প্রায় ৬ লাখ টাকা ঘুষ নেন। কলেজের শিক্ষক আবু জাহিদ বলেন, ‘কলেজ তবিলে জমা করা হবে শুনে শিক্ষকরা সভাপতিকে টাকা দিয়েছেন, কিন্তু টাকা জমা হয়নি। আবার বেতনও হচ্ছে না। সাবেক ওই সাংসদ মন্ত্রনালয়ে লিখিত দিয়ে বেতন বন্ধ করে রেখেছেন। যে কারণে তত্ববাধায়ক সরকারের সময়ে শিক্ষকরা মন্ত্রনালয় বরাবর পরিচালনা কমিটির সাবেক সভাপতি শহিদুল ইসলাম মাস্টারের বিভিন্ন অনিয়ম উল্লেখ করে লিখিত দেন। বিষয়টি প্রথম আলো পত্রিকায় ছাপা হয়। এরপর শহিদুল ইসলাম মাস্টার প্রতিনিধির মাধ্যমে খবর পাঠান টাকা নিতে।’অধ্যক্ষ বলাই চন্দ্র পাল বলেন, ‘আমি সাংসদের বাসায় গিয়ে ৫ লাখ ৪৫ হাজার টাকা বুঝে আনি। যে টাকা দিয়ে ভবন নির্মান চলছে। ভবনের ছাদ এর কাজ শেষ হয়েছে, প্লাস্টার ও জানালা-দরজার কাজ বাকি রয়েছে। আর্থিক কারনে শেষ করতে পারছি না। তাছাড়া নিজেরাও বিনা বেতনে ১২ বছর ধরে কাজ করছি।’ এ ব্যাপারে সাবেক সাংসদ শহিদুল ইসলাম মাস্টার বলেন, ‘টাকাগুলো আমার কাছে জমা ছিল। আমি তা ফেরত্ দিয়েছি।’