ঘুষের টাকার ভাগাভাগি নিয়ে ওসি-এসআই হাতাহাতি
ঘুষের টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপ-পরিদর্শক(এসআই) এর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।রাজশাহী কলেজের এক শিক্ষার্থীকে শিবির সন্দেহে আটকের পর ঘুষের বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়। গতকাল শুক্রবার রাতে ওই টাকার ভাগাভাগি নিয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি আলমগীর হোসেন ও এসআই আকবর হোসেনের মধ্যে এ হাতাহাতির ঘটনা ঘটে। আজ শনিবার বিকেলে এ ঘটনায় থানার উপ-পরিদর্শক আকবর হোসেনকে পুলিশ লাইনে প্রত্যাহার ও ওসি আলমগীর হোসেনকে সতর্ক করে দেওয়া হয়েছে। একই সঙ্গে এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।এ নিয়ে চলতি বছরেই বোয়ালিয়া মডেল থানার পুলিশের মধ্যে দুটি হাতাহাতির ঘটনা ঘটল। এর আগে গত জুন মাসে দুই এসআই’র মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী বোয়ালিয়া থানার কয়েকজন পুলিশ সদস্য জানান, গতকাল সন্ধ্যার দিকে শিবিরকর্মী সন্দেহে রাজশাহী কলেজের এক শিক্ষার্থীকে আটক করে টহল পুলিশ বোয়ালিয়া থানায় নিয়ে আসে। পরে ওই শিক্ষার্থীর অভিভাবকদের সঙ্গে ছয় হাজার টাকার মৌখিক চুক্তি করে তাঁকে ছেড়ে দেন আকবর হোসেন। ওসি আলমগীর হোসেন বিষয়টি জানতে পেরে এসআই আকবর হোসেনকে তাঁর কক্ষে ডেকে টাকার ভাগ দাবি করেন। কিন্তু ঘুষ নেওয়ার কথা স্বীকার না করে আকবর হোসেন টাকা দিতে অস্বীকার করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। পরে থানার পুলিশ সদস্যরা গিয়ে তাঁদের নিবৃত্ত করেন। তবে টাকার ভাগ চাওয়ার কথা অস্বীকার করে ওসি আলমগীর হোসেন বলেন, ‘ঘুষের টাকা ভাগাভাগি নিয়ে হাতাহাতির অভিযোগ ২০০ পারসেন্ট মিথ্যা।’ ওসি বলেন, দায়িত্ব বিষয়ে তিনি ওই এসআইকে একটু ধমক দিয়েছেন। তাছাড়া ওসির সঙ্গে হাতাহাতি করতে আসার সাহস কি দারোগার আছে। রাজশাহী মহানগর পুলিশের কমিশনার এম এম মনির-উজ-জামান বলেন, অভিযোগটি তদন্ত করে দেখতে হবে। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে উপপরিদর্শক আকবর হোসেনকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।