ঘুষের টাকাসহ গ্রেপ্তার দুদকের কর্মকর্তা কারাগারে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক এম এম শাব্বির হাসানকে গতকাল সোমবার রাতে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বিকেলে তাঁর বিরুদ্ধে নগরের ডবলমুরিং থানায় একটি মামলা হয়।গত রোববার রাতে তৈরি পোশাকের প্রতিষ্ঠান ফোর এইচ গ্রুপের মালিকপক্ষের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে আগ্রাবাদে দুদকের কার্যালয় থেকে শাব্বিরকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তাঁর কাছ থেকে ঘুষের ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।তৈরি পোশাক প্রতিষ্ঠানের মালিক গাওহার সিরাজ জামিল জানান, ‘বন্দরে আমাদের একটি আমদানি চালান চুরি হয়। এর ওপর ভিত্তি করে দুদক আমাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে অভিযোগ আনে এবং তারা তদন্ত শুরু করে। একপর্যায়ে দুদকের উপপরিচালক শাব্বির হাসান আমাদের কাছে ৫০ লাখ টাকা ঘুষ দাবি করেন।’ তিনি বলেন, ‘শাব্বির আমাদের বলেন, “ওই টাকা দিয়ে আমাদের ওপর মহলকে সন্তুষ্ট করতে হবে। পরে আপনাদের পক্ষে আমরা প্রতিবেদন দিয়ে দেব।” এরপর দর-কষাকষি করে আমরা ঘুষের অঙ্ক ৩০ লাখ টাকায় নামিয়ে আনি।’সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্ত্তী প্রথম আলোকে বলেন, দুদকের কর্মকর্তা শাব্বিরের বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১ এবং দুদক আইনের ৫(২) ধারায় মামলা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় তাঁকে জ্যেষ্ঠ মহানগর হাকিম ওসমান গনির আদালতে হাজির করা হয়। শুনানির পর হাকিম আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।জানা গেছে, গতকাল বিকেলে পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান ফোর এইচ গ্রুপের ব্যবস্থাপক মো. নওশাদ চৌধুরী শাব্বিরের বিরুদ্ধে মামলা করেন। এতে অভিযোগ করা হয়, ফোর এইচ গ্রুপের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে অভিযোগ এনে ৫০ লাখ টাকা ঘুষ দাবি করেন শাব্বির। পরে দর-কষাকষি করে ঘুষের পরিমাণ ৩০ লাখ টাকা নামিয়ে আনা হয়। রোববার রাতে প্রথম কিস্তির ১০ লাখ টাকা দেওয়ার সময় শাব্বিরকে র্যাবের সদস্যরা গ্রেপ্তার করেন।ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আইন অনুযায়ী পুলিশ কেবল এই ঘটনার অভিযোগ নথিভুক্ত করার ক্ষমতা রাখে। অভিযোগের তদন্ত করবে দুদকের প্রধান কার্যালয়। দুই কার্যদিবসের মধ্যে এই অভিযোগ ঢাকায় কমিশনে পাঠানোর বিধান আছে। আমরা কাল (আজ মঙ্গলবার) তা পাঠিয়ে দেব।’র্যাব সূত্র জানায়, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগ্রাবাদে দুদকের কার্যালয়ে ঘুষের ১০ লাখ টাকাসহ একটি জব্দ তালিকা তৈরি করা হয়। পরে গত রোববার গভীর রাতে শাব্বিরকে র্যাবের কার্যালয়ে নেওয়া হয়। গতকাল সকালে তাঁকে ডবলমুরিং থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিকেলে মামলা হওয়ার পর সন্ধ্যায় তাঁকে আদালতে হাজির করে পুলিশ।