ঘুষের দৃশ্য তেহেলকার ক্যামেরায়, বিজেপি নেতা দোষী (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্র ব্যবসায়ী সেজে ভারতীয় জনতা পার্টির সাবেক প্রধান বঙ্গারু লক্ষ্মণকে ঘুষ দিয়েছিলেন এক সাংবাদিক। এক লাখ রুপি ঘুষ দেওয়ার সেই দৃশ্য ধারণ করা হয় গোপন ক্যামেরায়। তেহেলকা ডটকমের সেই ‘অপারেশন ওয়েস্টএন্ড’ নামে সেই ভিডিওচিত্র ফাঁস হলে হইচই শুরু হয় ভারতজুড়ে। ঘটনার ১১ বছর পর দোষী সাব্যস্ত হয়েছে বঙ্গারু। ইতিমধ্যে তাঁকে নিরাপত্তা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। কাল শনিবার তাঁর দণ্ড ঘোষণা করা হবে।ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের একটি বিশেষ আদালতের বিচারক কনালজিত অরোরা আজ শুক্রবার দুর্নীতিবিরোধী আইনে বঙ্গারু লক্ষ্মণকে দোষী সাব্যস্ত করেন। আদালতের রায়ের পরপরই তাঁকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়। শনিবার আদালতে বঙ্গারুর পাঁচ বছরের কারাদণ্ড চাইবে সিবিআই।২০০১ সালে বঙ্গারুর দুর্নীতির ঘটনাটি ফাঁস করে তেহেলকা ডটকম। অপারেশন ওয়েস্টএন্ড নামে এক অভিযানের মাধ্যমে তাঁর ঘুষ নেওয়ার ঘটনাটি উদঘাটন করা হয়। ওই সময় অস্ত্র ব্যবসায়ীবেশী সাংবাদিকের কাছ থেকে ঘুষের অর্থ নেওয়ার সময় ক্যামেরায় ধরা পড়েন বঙ্গারু। এর পরপরই বিজেপি প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি নেন বঙ্গারু। তেহেলকা জানায়, মেসার্স ওয়েস্টএন্ড ইন্টারন্যাশনাল নামে তথাকথিত এক ব্রিটেনভিত্তিক কোম্পানিকে কাজ পাইয়ে দেওয়ায় লক্ষ্মণকে পুরস্কৃত করা হয়। ভারতীয় সেনাবাহিনীর জন্য সামরিক সরঞ্জাম সরবরাহের ব্যবস্থা করে দেওয়ার জন্য লক্ষ্মণ ওই কোম্পানির কাছ থেকে অর্থ নেন।তেহেলকার প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে সিবিআই অভিযোগপত্রে উল্লেখ করে, ২০০০ সালের ২৩ ডিসেম্বর থেকে ২০০১-এর ৭ জানুয়ারি পর্যন্ত ওয়েস্টএন্ড ইন্টারন্যাশনালের এক প্রতিনিধির সঙ্গে লক্ষ্মণের আটবার বৈঠক হয়।লক্ষ্মণ দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরপরই বিজেপির দিকে অভিযোগের তীর ছুড়ে ক্ষমতাসীন কংগ্রেস। কংগ্রেস নেতা মনিষ তিওয়ারি বলেন, রায়ের পর বিজেপির উচিত নিজেদের সংশোধন করা।