চট্টগ্রামে দুদক কর্মকর্তা গ্রেপ্তার
ঘুষের দৃশ্য ধারণ করা যন্ত্র ২৭ ফেব্রুয়ারি উপস্থাপনের নির্দেশ
ঘুষের টাকা লেনদেনের দৃশ্য ধারণ করার যন্ত্রটি (ছোট আকৃতির ক্যামেরা) আগামী ২৭ ফেব্রুয়ারি আদালতে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক এম এম শাব্বির হাসানের জামিন শুনানির সময় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদলতের বিচারক এ কে এম শামসুল ইসলাম এই আদেশ দেন। ২৭ ফেব্রুয়ারি শাব্বিরের জামিন আবেদনের পূর্ণাঙ্গ শুনানির পর আদালত আদেশ দেবেন বলে জানা গেছে। ঘুষ নেওয়ার অভিযোগে গত ২৩ জানুয়ারি রাত ১১টার দিকে আগ্রাবাদের দুদক কার্যালয় থেকে শাব্বিরকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তাঁর কাছ থেকে ১০ লাখ টাকা উদ্ধার করা হয়। এর আগে ঘুষের টাকা লেনদেনের দৃশ্যটি ভিডিওতে ধারণ করা হয়। ২৪ জানুয়ারি রাতে আদালতের মাধ্যমে তাঁকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে নগরের ডবলমুরিং থানায় দণ্ডবিধি ১৬১ এবং দুদক আইনের ৫(২) ধারায় মামলা করা হয়।আদালত সূত্র জানায়, গতকাল শাব্বিরের কৌঁসুলিরা জামিন শুনানিতে অংশ নেন। এ সময় বাদীপক্ষের কৌঁসুলিরা জামিনের বিরোধিতা করেন। বাদীর কৌঁসুলিরা বলেন, এ ঘটনা এত ছোট নয়। ১০ লাখ টাকা ঘুষের অর্থ লেনদেনের দৃশ্য ভিডিওতে ধারণ করা হয়েছে। শুনানিতে অংশ নিয়ে দুদকের কৌঁসুলি (পিপি) কাজী ছানোয়ার আহমেদ আদালতে বলেন, ‘শাব্বিরকে গ্রেপ্তারের প্রক্রিয়া ঠিক ছিল না।’ এ সময় বাদীর কৌঁসুলি আহসানুল হক পিপিকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি আসামির কৌঁসুলি, নাকি রাষ্ট্রপক্ষের? আপনার বক্তব্য শুনে মনে হচ্ছে, ‘আপনি আসামির কৌঁসুলি।’ কাজী ছানোয়ার জবাবে বলেন, ‘আপনি আমাকে এভাবে বলতে পারেন না।’আহসানুল হক প্রথম আলোকে বলেন, ‘রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছানোয়ারের বক্তব্য আসামির পক্ষে গেছে। সরকারি কৌঁসুলি হয়ে রাষ্ট্রের বিপক্ষে যাওয়া তাঁর উচিত নয়। ছানোয়ার তা-ই করেছেন।’ তিনি আরও বলেন, ‘এক-এগারোর পর দুদকের কিছু কর্মকর্তা অনেক মানুষকে হয়রানি করেছেন। তাঁদের লোকজন ঘুষ-বাণিজ্য করলে কি সাধারণ নাগরিকেরা বিচার চাইতে পারবে না?’অবশ্য ছানোয়ার আহমেদ দাবি করেন, ‘আসলে আদালতের প্রশ্নের জবাবে আমি গ্রেপ্তারের প্রক্রিয়াটি ভুল ছিল বলে বলেছি।’ অভিযোগ রয়েছে, পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান ফোর এইচ গ্রুপের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে অভিযোগ এনে ৫০ লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন শাব্বির। পরে দর কষাকষি করে ঘুষের অঙ্ক ৩০ লাখ টাকায় নামিয়ে আনা হয়। ২৩ জানুয়ারি রাতে প্রথম কিস্তির ১০ লাখ টাকা দেওয়ার সময় শাব্বিরকে র্যাব সদস্যরা গ্রেপ্তার করেন।