ঘুষের মামলায় ফাঁসছেন ডিক চেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারির মামলা করতে যাচ্ছে নাইজেরিয়ার দুর্নীতি দমন সংস্থা।ডিক চেনির ব্যবসাপ্রতিষ্ঠান হেলিবার্টনের অধীনস্ত সাবেক প্রকৌশল ফার্ম কেবিআরের কর্মকর্তাদের ঘুষ লেনদেনকে কেন্দ্র করে এ মামলা হবে। সংস্থাটি বলছে, দক্ষিণ নাইজেরিয়ায় তরলকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্লান্ট নির্মাণকাজের জন্য কেবিআর সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়েছে।গত বছর কেবিআর নাইজেরিয়ার কর্মকর্তাদের এই প্লান্ট নির্মাণসংক্রান্ত কাজের জন্য ১৮ কোটি মার্কিন ডলার ঘুষ দেওয়ার কথা স্বীকার করে। এ ঘুষ লেনদেনের ঘটনা যখন ঘটে, তখন কেবিআর হেলিবার্টনের অধীন একটি প্রতিষ্ঠান ছিল। এ-সংক্রান্ত মামলায় ফার্মটি যুক্তরাষ্ট্রে ৫৭ কোটি ৯০ লাখ ডলার জরিমানা দিতে রাজি হয়েছে। কেবিআর ও হেলিবার্টন এখন আলাদা গেছে। হেলিবার্টন দাবি করেছে, তারা কোনোভাবেই কেবিআরের ওই ঘুষ কেলেঙ্কারির সঙ্গে জড়িত নয়। চেনির এক আইনজীবী বলেছেন, চেনির বিরুদ্ধে যে কেলেঙ্কারির অভিযোগ আনা হয়েছে, তা পুরোপুরি ভিত্তিহীন।নাইজেরিয়ার দুর্নীতি দমন সংস্থার এক মুখপাত্র ফেমি বাবাফেমি বলেছেন, আগামী সপ্তাহে চেনির বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে। তিনি আরও বলেন, হেলিবার্টনের তত্কালীন প্রধান নির্বাহী হিসেবে চেনির ভূমিকা ঘুষ কেলেঙ্কারি সংশ্লিষ্টতার বাইরে নয়। নাইজেরিয়া, ফ্রান্স ও সুইজারল্যান্ড এ মামলায় কেবিআরের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত করছে। চেনির আইনজীবী তেরেন্স ওডনেল বলেছেন, মার্কিন তদন্তকারীরা ওই ঘটনায় হেলিবার্টনের প্রধান নির্বাহী হিসেবে ডিক চেনির কোনো সম্পৃক্ততা পাননি । তিনি বলেন, ‘তাঁর দিক থেকে কোনো ধরনের অন্যায় পাওয়া যায়নি। এখন যে অভিযোগ করা হচ্ছে, কয়েক বছর আগে সেটা ছিল পুরোপুরি ভিত্তিহীন।’উল্লেখ্য, ২০০১ সালে ডিক চেনি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। এর আগে তিনি হেলিবার্টনের প্রধান ছিলেন। বিবিসি।