ঘূর্ণিঝড় হলে হরতাল বাতিল হতে পারে: মোশাররফ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, কোনো বিকল্প পথ না থাকায় প্রধান বিরোধী দল বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট রোববার হরতাল ডাকতে বাধ্য হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের মতো জাতীয় দুর্যোগ দেখা দিলে এ ব্যাপারে সিদ্ধান্ত বদল হতে পারে।আজ বুধবার প্রথম আলো ডটকমের সঙ্গে আলাপকালে খন্দকার মোশাররফ হোসেন এ কথা জানান।বিএনপির এই নেতা বলেন, সমাবেশের অনুমতি না মেলায় গতকাল মঙ্গলবার রাতে হরতাল ডাকার এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সময় ঘূর্ণিঝড় যে বাংলাদেশের ওপর আঘাত হানবে, এ ব্যাপারে সুস্পষ্ট কোনো তথ্য ছিল না। তবে বিএনপি এর আগেও হরতাল ডেকে জাতীয় প্রয়োজনে তা প্রত্যাহার করেছে।হরতাল ডাকায় জাতীয় নির্বাচনের প্রশ্নে সংলাপের সম্ভাবনা বাধাগ্রস্ত হবে কি না—এমন প্রশ্নে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘সংলাপের ব্যাপারে সরকারের কোনো আন্তরিকতা দেখি না। জনগণ প্রত্যাশা করে, গণতান্ত্রিক বিধিব্যবস্থায় রাজনৈতিক দলগুলোর যেসব কর্মসূচি পালনের অধিকার আছে, সেগুলো তারা নির্বিঘ্নে পালন করতে পারবে এবং সরকার সে ক্ষেত্রে সহযোগিতা করবে। পর পর দুবার অনুমতি চেয়েও বিএনপি শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি পায়নি।’সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেন, পারস্পরিক আস্থা না থাকলে সংলাপের পরিবেশ বিঘ্নিত হবে। হরতাল ডাকা এবং সভা-সমাবেশ করতে না দেওয়া, রাজনীতিতে এ পরিস্থিতি চলতে থাকলে একটি দলের ওপর অন্যটির আস্থা কমে যাবে। সংলাপের পরিবেশ সৃষ্টিতে প্রতিবন্ধকতা তৈরি হবে।বিএনপিকে সমাবেশের অনুমতি না দেওয়ার ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (তথ্য ও জনসংযোগ) মাসুদুর রহমান বলেন, নিরাপত্তাজনিত কারণে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।