ঘূর্ণিঝড়ে কক্সবাজার উপকূলের ৭০ গ্রাম প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে বঙ্গোপসাগরের জোয়ারের পানি স্বাভাবিক উচ্চতার চেয়ে চার-পাঁচ ফুট বেশি উঁচু হয়ে কক্সবাজার উপকূলীয় এলাকায় ঢুকে পড়েছে। এতে অন্তত ৭০টি গ্রাম প্লাবিত হয়েছে।আজ সকাল থেকে সেন্ট মার্টিন দ্বীপ, কক্সবাজার সদর, টেকনাফ, উখিয়া, মহেশখালী, পেকুয়া, কুতুবদিয়া উপকূলীয় এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। গতকাল বুধবার রাতে এসব উপকূল থেকে অন্তত এক লাখ মানুষকে পাঁচ শতাধিক আশ্রয়কেন্দ্র ও পাঁচ শতাধিক স্কুল-কলেজ-মাদ্রাসায় সরিয়ে নেওয়া হয়েছে।জেলা প্রশাসক মো. রুহুল আমিন প্রথম আলো ডটকমকে জানান, ঘূর্ণিঝড় মহাসেন কক্সবাজার উপকূল থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে বলে জানা গেছে। এটি ঘণ্টায় ২২ কিলোমিটার গতিতে ধেয়ে আসছে। এই গতি অব্যাহত থাকলে দুপুর ১২টার পর কক্সবাজারের ওপর দিয়ে ঘূর্ণিঝড়টি মিয়ানমারের আরাকান রাজ্যে আঘাত হানতে পারে। তাই কক্সবাজার উপকূলে ৭ নম্বর সতর্কসংকেত বলবত্ রাখা হয়েছে। সেনাবাহিনীর পাশাপাশি সাত হাজারের বেশি স্বেচ্ছাসেবীকে মাঠে প্রস্তুত রাখা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. মইনুদ্দীন বলেন, জেলার ৫১৯ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে বর্তমানে প্রায় ৩০ কিলোমিটার ভাঙা ও মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে সাগর এমনিতেই উত্তাল, তার সঙ্গে যোগ হয়েছে ভরা পূর্ণিমা। এতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে পাঁচ-ছয় ফুট বৃদ্ধি পেয়ে উপকূলে আঘাত হানছে। দুপুর নাগাদ ঘূর্ণিঝড়টি আঘাত হানলে আরও বিপুলসংখ্যক গ্রাম প্লাবিত হতে পারে। কারণ, এ সময় সাগরে জোয়ার থাকবে।সেন্ট মার্টিন দ্বীপ: দ্বীপের ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন সকাল সাড়ে আটটায় প্রথম আলো ডটকমকে জানান, সকাল থেকে সেখানে দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হচ্ছে। ঘূর্ণিঝড় মহাসেনের আশঙ্কায় দ্বীপের প্রায় আট হাজার মানুষকে দ্বীপের দুটি ঘূর্ণিঝড় কেন্দ্র, দুটি স্কুল ও সাতটি বহুতল হোটেল ভবনে রাখা হয়েছে। টেকনাফ: টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়ায় প্রায় দুই কিলোমিটার বেড়িবাঁধের ফাটল দিয়ে জোয়ারের পানি ঢুকে পশ্চিমপাড়া, দক্ষিণপাড়া, উত্তরপাড়া, কাটাবুনিয়াসহ আটটি গ্রাম প্লাবিত হচ্ছে। জোয়ারের পানিতে টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়ক ডুবে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গত রাতে শাহপরীর দ্বীপ থেকে লোকজনকে নৌকায় করে টেকনাফের হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। রাতে নৌকাডুবিতে কয়েকজন শিশু ও নারী আহত হয়েছেন। মহেশখালী: উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক জানান, ঘূর্ণিঝড় নিয়ে দ্বীপের তিন লাখ মানুষ উদ্বিগ্ন। ধলঘাটা ইউনিয়নের বেড়িবাঁধের দেড় কিলোমিটার অংশের ফাটল দিয়ে জোয়ারের পানি ঢুকে ধলঘাটা, সুতরিয়াপাড়াসহ কয়েকটি গ্রাম প্লাবিত হচ্ছে।কুতুবদিয়া: উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী জানান, জোয়ারের পানি ঢুকে উপজেলার উত্তর ধুরুং, দক্ষিণ ধুরুং লেমশিখালী, আলীআকবর ডেইলসহ ছয়টি ইউনিয়নের অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হচ্ছে। এসব গ্রামের অন্তত ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়েছে।পেকুয়া: পেকুয়া উপজেলার মগনামা ও উজানটিয়া ইউনিয়নে জোয়ারের পানি ঢুকে কাকপাড়াসহ কয়েকটি গ্রাম প্লাবিত হচ্ছে। বিমান চলাচল বন্ধ: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কক্সবাজার থেকে বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার থেকে কক্সবাজার থেকে চট্টগ্রাম ও ঢাকার বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। এই পথে ইউনাইটেড এয়ার, নভো ও রিজেন্ট এয়ার লাইনস নামের তিনটি বেসরকারি সংস্থার বিমান চলাচল করে।রিজেন্ট এয়ারের স্থানীয় কক্সবাজারের পরিচালক জাহাঙ্গীর আলম জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকবে। আশ্রয়কেন্দ্র: কক্সবাজার শহরের পাবলিক হল মাঠে নবনির্মিত তিন তলা ভবনে আশ্রয় নিয়েছে বিপুলসংখ্যক নারী-পুরুষ-শিশু। সেখানে এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় উপকূলের ফদেনারডেইল থেকে আসা গৃহবধূ কুলসুম বেগমের (৩৩)। তিনি অভিযোগ করেন, গত বুধবার রাত আটটায় তিন ছেলেমেয়ে নিয়ে এই ভবনের বারান্দায় আশ্রয় নিয়েছেন তিনি। রাত ও সকালে ছেলেমেয়েদের কিছুই খেতে দিতে পারেননি। সরকারিভাবেও কোনো খাবার সরবরাহ করা হচ্ছে না। পাশের জেলা প্রশাসক ভবন, আদালত ভবন, আইনজীবী সমিতি, বিভিন্ন বিপণিকেন্দ্র ও হোটেল-মোটেলে অন্তত ১০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে।