ঘূর্ণিঝড় গিরি আজ সন্ধ্যায় কক্সবাজার উপকূল পার হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ‘গিরি’ নামের এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। আবহাওয়া বিভাগ চট্টগ্রাম বন্দর ও কক্সবাজারকে ৪ নম্বর সংকেত এবং মংলা বন্দরকে ৩ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে। মাছ ধরার নৌকাসহ সব নৌযানকে নিরাপদ স্থানে চলে আসার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড়টি আজ সন্ধ্যা নাগাদ মিয়ানমার ও কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে। তবে এটি কত গতি নিয়ে উপকূল অতিক্রম করবে, তা এখনো আবহাওয়াবিদেরা নিশ্চিত করে বলতে পারেননি। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রহমান গতকাল রাত নয়টায় টেলিফোনে প্রথম আলোকে জানান, ঘূর্ণিঝড়টির গতিমুখ মিয়ানমার ও কক্সবাজার উপকূলের দিকে রয়েছে। বর্তমান গতিপথ অনুযায়ী এটি আজ সন্ধ্যায় উপকূল অতিক্রম করতে পারে। তবে এটি এখনো বাংলাদেশ থেকে বেশ দূরে অবস্থান করায়, কত শক্তি নিয়ে উপকূল অতিক্রম করবে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। সতর্কতা হিসেবে ৪ নম্বর সতর্কসংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো এক জরুরি সভা করে। সেখানে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ভোলা জেলার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) কর্মীদের দুর্যোগসংক্রান্ত স্থায়ী আদেশাবলি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টি শক্তিশালী হলে স্থানীয় জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য তাঁদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় গিরি গতকাল রাত নয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৮০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩৯০ কিলোমিটার দক্ষিণে এবং মংলা সমুদ্রবন্দর থেকে ৫১৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড়টির প্রভাবে সমুদ্রবন্দরগুলোতে এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঘূর্ণিঝড় গিরি উপকূল অতিক্রম করার সময় কক্সবাজার, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা ও এসব জেলার দ্বীপ ও চরগুলোতে ঘূর্ণিঝড় এবং পূর্ণিমার প্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে চার থেকে ছয় ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।ঘূর্ণিঝড়কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম, বরিশাল ও ঢাকা বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।