ঘূর্ণিঝড় থেইনে নিহতের সংখ্যা বেড়ে ৩৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দক্ষিণ উপকূলে ঘূর্ণিঝড় থেইনের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ হয়েছে। দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা আজ শনিবার এ তথ্য জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের ফলে রাস্তাঘাট, ঘরবাড়ি ও বিদ্যুত্ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েকটি এলাকার যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। এ ছাড়া কয়েক হাজার লোক আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ শনিবার সকালে ঘূর্ণিঝড় থেইন দুর্বল হয়ে পড়েছে।ভারতের আঞ্চলিক আবহাওয়া দপ্তরগুলো জানায়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর দিয়ে বয়ে যাওয়া শক্তিশালী ঘূর্ণিঝড় থেইন গতকাল সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটার মধ্যে আরও পশ্চিমে অগ্রসর হয়ে তামিলনাড়ুর দক্ষিণ উপকূলীয় কুডালোর ও পদুচেরি জেলা অতিক্রম করে। এ সময় ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায়। এর ফলে সমুদ্রে দেড় মিটার উঁচু জোয়ারের সৃষ্টি হয়। মুখ্যমন্ত্রী জয়ললিতা জানিয়েছেন, প্রায় ছয় হাজার উপকূলীয় গ্রামবাসী নিরাপদ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।কর্মকর্তারা জানিয়েছেন, বাড়ি ধস ও বিদ্যুত্স্পৃষ্ট হয়ে অধিকাংশ প্রাণহানির ঘটনা ঘটেছে। আর ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কুডালোর জেলায়।