ঘূর্ণিঝড় লায়লার প্রভাবে ঝোড়ো হাওয়া, ট্রলারডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় লায়লা গতকাল বৃহস্পতিবার ভারতের অন্ধ্র ও ওডিশা উপকূলে আঘাত হেনেছে। তবে এর প্রভাবে বাংলাদেশের উপকূলের বিস্তীর্ণ এলাকাজুড়েও বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বয়ে গেছে। বাংলাদেশসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর ছিল উত্তাল। বেশ কিছু ট্রলারডুবির খবর পাওয়া গেছে।কক্সবাজার থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, ঘূর্ণিঝড় লায়লার প্রভাবে বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূল প্রচণ্ড উত্তাল রয়েছে। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে উচ্চতায় চার-পাঁচ ফুট বৃদ্ধি পেয়ে উপকূলে আচড়ে পড়ছে। ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে জেলার ২২টি গ্রাম প্লাবিত হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টা থেকে কক্সবাজারে দমকা হাওয়া বইতে শুরু করে। রাত সাড়ে ১২টার দিকে বজ্রপাতসহ প্রবল বর্ষণ শুরু হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটা পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত ছিল। স্থানীয় আবহাওয়া অফিসের সূত্রমতে, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার বিকেল চারটা পর্যন্ত ১৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তাল সাগরের জোয়ারের পানি ঢুকে টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকার দক্ষিণপাড়া, পশ্চিমপাড়া, জালিয়াপাড়া, উখিয়ার মনখালী, ছেপটখালী, ইনানী, সদরের কলাতলী, মেরিন ড্রাইভ, নুনিয়াছটা, ফদনারডেইল, মহেশখালীর ধলঘাটা, সুতরিয়াপাড়া, মাতারবাড়ী, কুতুবদিয়ার আলী আকবর ডেইল, লেমশিখালী, করঘোপসহ ২২ গ্রাম প্লাবিত হয়েছে। ধলঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মকবুল আহমদ জানান, ঘূর্ণিঝড় আইলার সময় বিধ্বস্ত চার কিলোমিটারের ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে এখন তাঁর ইউনিয়নের চারটি গ্রাম প্লাবিত হচ্ছে। কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী জানান, তাঁর উপজেলাতেও আট কিলোমিটারের বেশি ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে নয়টি গ্রাম প্লাবিত হয়েছে। কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান জানান, ঘূর্ণিঝড় লায়লার সংকেত পেয়ে গভীর সাগরে মাছ ধরতে যাওয়া প্রায় ছয় হাজার ট্রলারের মধ্যে ইতিমধ্যে পাঁচ হাজার ঘাটে ফিরে এসেছে। অবশিষ্ট ট্রলার এখনো সাগরে রয়ে গেছে। এসব ট্রলারে কমপক্ষে ২০ হাজার জেলে রয়েছেন। চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানান, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় লাইলা পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি গতকাল সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৪৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ৩৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ২৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর ও কক্সবাজার উপকূল এলাকায় ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আমাদের গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি জানান, পদ্মায় অস্বাভাবিক পানি বৃদ্ধির কারণে মঙ্গলবার গভীর রাত থেকে একটি এবং গতকাল বৃহস্পতিবার ভোররাত থেকে আরেকটি ঘাট পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে দৌলতদিয়ার দুটি ফেরিঘাট। অপর ঘাটটিও বন্ধ হওয়ার উপক্রম। ফলে যেকোনো সময় দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে। রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে ৩০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। বিআইডব্লিউটিএর নিয়োজিত ঠিকাদার বাহার উদ্দিন ঘাট সংস্কারের জন্য ইট, রাবিশসহ প্রয়োজনীয় উপকরণ সময়মতো না পাঠানোয় ঘাট চালু করা সম্ভব হয়নি। ফলে নদীর দুই পারেই যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে । এদিকে ভারতের উপকূলীয় এলাকা থেকে প্রায় ৩৫ হাজার লোক সরিয়ে নেওয়া হয়। ঘূর্ণিঝড়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে বলে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়।