ঘূর্ণিঝড় ‘গিরি’র প্রভাবে উপকূলে জলোচ্ছ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় ‘গিরি’র প্রভাবে গতকাল শুক্রবার দেশের উপকূলীয় এলাকা ঝড় ও জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। ঝড় থেকে রক্ষা পেতে লোকজন ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও ভোলার উপকূলীয় এলাকা এবং কাছাকাছি দ্বীপ ও চরগুলো স্বাভাবিকের চেয়ে চার থেকে ছয় ফুট উঁচু জোয়ারে প্লাবিত হয়।আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গিরি টেকনাফ এলাকা ঘেঁষে বাংলাদেশ সময় রাত ১১টায় মিয়ানমারের সিটুই-এর দক্ষিণ দিক দিয়ে মিয়ানমার উপকূল অতিক্রম করে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এতে বাংলাদেশ বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।ঘূর্ণিঝড় গিরির কারণে কক্সবাজার উপকূলকে ৫ নম্বর বিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছিল। এ ছাড়া চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৫ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত ও মংলা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছিল। তবে রাত ১১টার পর চট্টগ্রাম ও মংলা বন্দরকে ৫ নম্বর সতর্কসংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়।কক্সবাজার থেকে নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস জানান, সেন্ট মার্টিন থেকে গতকাল রাত নয়টায় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমদ খান তাঁকে বলেন, প্রচণ্ড গতি নিয়ে সেখানে ঝড় বয়ে যায়। দ্বীপের পূর্ব পাশের বাজারের ২০টির বেশি দোকান এবং দক্ষিণ, পশ্চিম ও উত্তর পাশের শতাধিক ঘরবাড়ি জোয়ারের পানিতে তলিয়ে যায়। দ্বীপের তিন হাজারের বেশি মানুষকে দুটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, একটি হাসপাতাল ও একটি জেলা পরিষদ বাংলো, ইউনিয়ন পরিষদ ভবন ও কয়েকটি হোটেলে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়।কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. শহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, ঘূর্ণিঝড় গিরির প্রভাবে মধ্যরাতের পর কক্সবাজারসহ টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া উপকূলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হয়। গিরির প্রভাবে সাগর আগে থেকেই প্রচণ্ড রকম উত্তাল ছিল। গতকাল বিকেল পাঁচটার পর থেকেই কক্সবাজার উপকূলে হালকা দমকা হাওয়া বইতে শুরু করে। জেলার বিভিন্ন স্থানে শতাধিক গ্রাম প্লাবিত হয়। সন্ধ্যা পর্যন্ত ৪০ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়।টেকনাফ ও মহেশখালীতে ২৬টি মাছ ধরার ট্রলারসহ ১৮৬ জন জেলে নিখোঁজ রয়েছেন। সেন্ট মার্টিন দ্বীপে আটকা পড়েন তিন বিদেশিসহ ২৩ জন পর্যটক। আবহাওয়া বিভাগ সূত্র জানায়, আপাতত বাংলাদেশের উপকূলীয় এলাকা আশঙ্কামুক্ত। চট্টগ্রাম থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, চট্টগ্রাম ও মংলা বন্দরকে ৫ নম্বর সতর্কসংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়াবিদ আবদুর রহমান রাত সাড়ে নয়টায় প্রথম আলোকে জানান, বাংলাদেশ উপকূলে আর তেমন আশঙ্কার কিছু নেই। আজকের মধ্যে সাগর ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। এর আগে গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঘূর্ণিঝড় গিরি কক্সবাজার উপকূল থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এ সময় কক্সবাজার উপকূলকে ৫ নম্বর বিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়।রেড ক্রিসেন্ট সোসাইটির কক্সবাজার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির উপপরিচালক কিশোর কুমার সরদার প্রথম আলোকে জানান, সকাল থেকে জেলার আটটি উপজেলায় চার হাজার ৫৬৫ স্বেচ্ছাসেবক মাইকিং করে ঘূর্ণিঝড় সম্পর্কে লোকজনকে সতর্ক করতে থাকেন।২০০০ সালে বিশ্ব আবহাওয়া সংস্থা জাতিসংঘের এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সংস্থা (এসকেপ) ভারত মহাসাগরে সম্ভাব্য ঘূর্ণিঝড়গুলোর ৬৫টি নাম ঠিক করে। এর ধারাবাহিকতায় ২০০৯ থেকে আইলা, পাইয়ান, লাইলা, ফেট-এর পর আসা ঘূর্ণিঝড়টির নাম ‘গিরি’ ঠিক করা হয়। ভারতীয় আবহাওয়া বিভাগের (আইএমডি) পক্ষ থেকে এই নামটি প্রস্তাব করা হয়েছিল, যার অর্থ পাহাড়।