ঘূর্ণিঝড়ে তিন জেলায় মৃত্যু ১২
ভোলার মনপুরা ও চরফ্যাশন উপজেলার উপকূলীয় এলাকা, নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচর উপজেলা এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ঘূর্ণিঝড়ে নারী-শিশুসহ ১২ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ১১টা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত এসব এলাকার ওপর দিয়ে এই ঘূর্ণিঝড় বয়ে যায়।আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ভোলা: গতকাল রাত একটার দিকে মনপুরা ও চরফ্যাশনে ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়। তাঁরা হলেন—মনপুরার দাশেরহাট গ্রামের আবদুল খালেক মাঝি (৩২), দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের শাহে আলম মাঝি (২৭) ও চরফ্যাশনের ঢালচর ইউনিয়নের আমেনা (৩৪)।মনপুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহিদুল ইসলাম ও চরফ্যাশনের ইউএনও নুর-ই-আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তাঁরা জানান, ঘূর্ণিঝড়ে এই দুই উপজেলায় নয় শতাধিক মাছ ধরার নৌকার খোঁজ নেই। একই সঙ্গে এসব নৌকায় থাকা প্রায় আট হাজার জেলেও নিখোঁজ রয়েছেন। বিধ্বস্ত হয়েছে প্রায় পাঁচ হাজার কাঁচা ঘরবাড়ি। তজুমদ্দিন-মনপুরা নৌপথের একমাত্র সি-ট্রাকটিও ডুবে গেছে। এ ছাড়া কয়েক লাখ গাছপালা ভেঙে পড়ার খবর পাওয়া গেছে।নোয়াখালী: হাতিয়া ও সুবর্ণচর উপজেলায় রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত ঘূর্ণিঝড়ের আঘাতে ছয় শিশুসহ আটজন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন কয়েক শ জেলে। এ ছাড়া হাজার হাজার কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছপালা ভেঙে গেছে।ভোর পাঁচটার দিকে ঝড় চলাকালে নলচিরা ইউনিয়নের তুফানিয়া গ্রামে রাসেল (৭) নামের এক শিশু ঘর থেকে বের হয়। এ সময় মাথায় গাছ ভেঙে পড়লে ঘটনাস্থলে রাসেলের মৃত্যু হয়। একইভাবে গাছ ভেঙে পড়ে জাহাজমারা ইউনিয়নের আমতলী গ্রামের সুমি (৯), চর হেয়ার গ্রামের মামুনুদ্দিন (৮) ও আরিফ (৭) নামের আরও তিন শিশু মারা যায়। এ ছাড়া সকালে তমরদ্দি ইউনিয়নের আঠারবেকি গ্রামের চরচেঙ্গা খাল থেকে ব্রজলাল জলদাসের (৪৫) লাশ উদ্ধার করেন তাঁর স্বজনেরা। সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর কনক গ্রামের শারমিন (১১) ও নুরজাহান (৬০) এবং চরভাটা ইউনিয়নের ভূঁইয়াঘাট এলাকার আল আমিন (২৬) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ঘূর্ণিঝড়ে হতাহত ব্যক্তিদের উদ্ধারকাজ চলছে বলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা জানিয়েছেন। চট্টগ্রাম: মিরসরাইয়ের সদর ইউনিয়নের জাফরাবাদ গ্রামে আজ সকালে ঝড়ের সময় দেয়ালচাপা পড়ে মো. শামসুল হক (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ৯ নম্বর সদর ইউনিয়নের চেয়ারম্যান জাফরউদ্দিন আহমদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সকাল সাড়ে সাতটার দিকে শামসুল প্রকৃতির ডাকে সাড়া দিতে শৌচাগারে যান। এ সময় প্রচণ্ড বাতাসে শৌচাগারের দেয়াল ধসে পড়ে। এতে তিনি চাপা পড়ে আহত হন। গুরুতর অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফ হোসেন জানান, ভোর চারটা থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে বিভিন্ন এলাকার অনেক কাঁচা ঘর ধসে পড়েছে।