নোয়াখালীতে গতকাল সোমবার সকালে ঘূর্ণিঝড়ে ঘরচাপা পড়ে নারী-শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একটি প্রাথমিক বিদ্যালয়ের ২০ শিক্ষার্থীসহ শতাধিক মানুষ আহত হয়েছে। সুবর্ণচর, হাতিয়া ও কোম্পানীগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রচণ্ড ওই ঘূর্ণিঝড়ে ধসে পড়েছে সহস্রাধিক কাঁচা ঘরবাড়ি। প্রায় একই সময় ঝড়ের কবলে পড়ে ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদীতে ছয়টি ট্রলার ডুবে যায়। এতে চার জেলে নিখোঁজ হন। এ ছাড়া ভোলায় কোস্টগার্ডের একটি ট্রলার ডুবে গেছে এবং ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চার শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।নোয়াখালী: জেলার সুবর্ণচর, হাতিয়া ও কোম্পানীগঞ্জ উপজেলায় সকাল ১১টার দিকে দুই-তিন মিনিট স্থায়ী ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি ও গাছপালা লণ্ডভণ্ড হয়ে যায়। সবচেয়ে ক্ষতি হয়েছে হাতিয়ার চানন্দি ইউনিয়নের এবং সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের চরতোরাব আলী ও চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রাম। এ ছাড়া সুবর্ণচরের চরমজিদ, চরজিয়া উদ্দিন ও কোম্পানীগঞ্জের চর এলাহী ইউনিয়নের চরগাঙচিল গ্রামেও বেশ ক্ষতি হয়েছে।হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন-অর রশীদ জানান, ঘরচাপা পড়ে চানন্দি ইউনিয়নের ফরিদপুর গ্রামের মাহিম (৮) ও সফিক (১০) এবং চরবাশারের আমেনা বেগম (৪২) মারা গেছেন। এ ছাড়া আরও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ঝড়ে ওই ইউনিয়নের বিভিন্ন বাজার ও গ্রামে প্রায় এক হাজার কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয় এবং কয়েক হাজার গাছ উপড়ে গেছে।সুবর্ণচরের চরক্লার্ক ইউনিয়নের চেয়ারম্যান খায়রুল আলম জানান, চরতোরাব আলী গ্রামের সালেহা খাতুন (৩০) ও তাঁর মেয়ে সাজেদা খাতুন (১) ঘরচাপা পড়ে মারা গেছেন। এ ছাড়া কেরামতপুর গ্রামে আহত হয়েছেন পাঁচজন।সুবর্ণচরে মোহাম্মদপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকরাম হোসেন জানান, ঝড়ে গাছের ডালপালা ভেঙে পড়ে বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া চতুর্থ শ্রেণীর ছাত্রী ফরজানা বেগম (৯) ঝড়ের পর থেকে নিখোঁজ রয়েছে।কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন জানান, ঝড়ে তাঁর উপজেলার চর এলাহী এলাকার অর্ধশতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। জেলা প্রশাসক (ডিসি) মিজানুর রহমান জানান, তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে ক্ষতিগ্রস্ত এলাকার জন্য ২৫ হাজার টাকা, ১০ মেট্রিক টন চাল ও ২৫টি তাঁবু বরাদ্দ করা হয়েছে।ভোলা: গতকাল বেলা সাড়ে ১০টার দিকে ভোলার মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজসংলগ্ন মেঘনায় ঝড়ের কবলে পড়ে একটি যাত্রীবাহী ট্রলারসহ ছয়টি ট্রলার ডুবে যায়। তবে যাত্রীবাহী ট্রলারের সব যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। একই এলাকার মো. আমিন মাঝি, নুর আলম মাঝি, আবুল কালাম মাঝি, মাকসুদুর রহমান মাঝি ও জাহিদ মাঝির মাছ ধরার ট্রলার ডুবে যায়। এতে জাহিদ মাঝি, আযাদ, মোসলেহউদ্দিন ও রফিকুল ইসলাম নামের চারজন নিখোঁজ হন।এ ছাড়া ঝড়ে ভোলা সদর উপজেলার রাজাপুর ল্যাবরেটরি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সহ ১৫টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।রামগতিতে কোস্টগার্ডের ট্রলার ডুবি: কোস্টগার্ডের লক্ষ্মীপুরের রামগতি কন্টিজেন্টের কমান্ডার মো. লাবু খান জানান, কোস্টগার্ডের পাঁচ সদস্যের একটি দল ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে সোমবার সকালে মেঘনা নদীতে টহলে বের হয়েছিল। সকাল সাড়ে ১০টার দিকে গজারিয়া পাইলট ঘাটে ট্রলারটি একটি লঞ্চের সঙ্গে বেঁধে কোস্টগার্ড সদস্যরা ওই লঞ্চে ওঠেন তল্লাশি করতে। এ সময় হঠাৎ ঝড় শুরু হলে তাঁরা লঞ্চ থেকে ঘাটে নেমে যান। ঝড়ের সময় ট্রলারটি লঞ্চের সঙ্গে ধাক্কা খেয়ে ভেঙে ডুবে যায়।শৈলকুপা: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়ন, হাকিমপুর ইউনিয়ন ও ধলহরাচন্দ্র ইউনিয়নে গতকাল সকাল সাতটার দিকে প্রচণ্ড ঝড়ে চার শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ১০ থেকে ১৫ মিনিট স্থায়ী ঝড়ে ১০ শিক্ষার্থীসহ ১৫ জন আহত হয়।সারুটিয়া স্কুলের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার জানান, ঝড়ে বিদ্যালয়ের তিনটি কক্ষ তছনছ হয়ে গেছে। এ সময় ১০ শিক্ষার্থী আহত হয়। স্থানীয় সাংসদ আবদুল হাই ঝড়ের পর পরই ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন।[প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ, নোয়াখালী অফিস এবং ভোলা, হাতিয়া (নোয়াখালী) ও রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি]