ঘূর্ণিঝড়ের নানা বিষয়
মহাচীনের প্রতাপশালী সম্রাট কুবলাই খান তাঁদের চিরশত্রু জাপান দখল করতে দুবার সমুদ্রপথে আক্রমণ করেছিলেন, ১২৭৪ ও ১২৮১ সালে। কাকতালীয়ভাবে দুবারই তিনি ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ব্যর্থ হয়ে ফিরে যান। জাপানিরা কৃতজ্ঞতাবশত এই ঘূর্ণিঝড় দুটির নাম দিয়েছিল ‘কামিকাজি’, অর্থাৎ স্বর্গীয় বাতাস। ঘূর্ণিঝড়ের নামকরণ বিভিন্ন সময়ে বিচ্ছিন্নভাবে হলেও নিয়মতান্ত্রিকভাবে নামকরণের ইতিহাস বেশি দিন আগের নয়। ঘূর্ণিঝড় আসলে কী এবং কেন হয়, সে সম্পর্কে আগে কিছু জেনে নেওয়া যাক।বায়ুপ্রবাহের গতি-প্রকৃতি অনুযায়ী সব ঝড়কেই মূলত দুই ভাগে ভাগ করা যায়: ক. সরলরৈখিক বায়ুসম্পন্ন ঝড়, অর্থাৎ যেখানে বাতাস সোজাসুজি প্রবাহিত হয়। যেমন, আমাদের দেশের কালবৈশাখী ঝড় বা সাধারণ ঝড়বৃষ্টি এবং খ. ঘূর্ণিঝড় বা ঘূর্ণনগতিসম্পন্ন ঝড়। যেমন, টর্নেডো ও সাইক্লোন। টর্নেডো হলো স্থলভাগের ঘূর্ণিঝড়, যার স্থায়িত্ব ও ব্যাপকতা সাইক্লোনের চেয়ে কম। সাধারণভাবে আমরা ঘূর্ণিঝড় বলতে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের সামুদ্রিক ঝড়কেই বুঝি, যেগুলো সাধারণত কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখার মধ্যবর্তী অঞ্চলে সংঘটিত হয়। এগুলো ‘ট্রপিক্যাল সাইক্লোন’ নামে পরিচিত।ঘূর্ণিঝড় কেন হয়গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় আসলে এ অঞ্চলের আবহাওয়ার একটি স্বাভাবিক নিম্নচাপ-প্রক্রিয়া (লো প্রেশার সিস্টেম), যা নিরক্ষীয় অঞ্চলে গ্রীষ্মকালে সৃষ্ট প্রচণ্ড তাপকে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত করে পৃথিবীতে তাপের ভারসাম্য বজায় রাখে। যদি ঘূর্ণিঝড় উপকূলীয় জনবসতিতে কদাচিৎ আঘাত হেনে আতঙ্ক সৃষ্টি না করত, তাহলে আমরা এগুলোকে বেশ উপকারীই বলতাম।ঘূর্ণিঝড়ের সৃষ্টি একটি জটিল প্রক্রিয়া। সমুদ্রে মূলত চারটি প্রভাবকের উপস্থিতির কারণে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। প্রথমত, সমুদ্রের পানির তাপমাত্রা ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকতে হয় এবং এর প্রভাব ন্যূনতম ৫০ মিটার গভীর হতে হয়। উল্লেখ্য, পানি থেকে নির্গত তাপ হচ্ছে ঘূর্ণিঝড়ের মূল শক্তির উৎস। এ কারণে স্থলভাগে হাজির হলে পানির অভাবে ঘূর্ণিঝড়ের শক্তি কমতে থাকে এবং কিছু সময় পর দুর্বল ও নিঃশেষ হয়ে যায়।দ্বিতীয়ত, নিরক্ষরেখা থেকে দূরত্ব। সাধারণত নিরক্ষরেখার উভয় পাশে ১০ থেকে ৩০ ডিগ্রির মধ্যে ক্রান্তীয় রেখাদ্বয়ের মধ্যবর্তী অঞ্চলে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। কারণ, পৃথিবীর ঘূর্ণনের কারণে সৃষ্ট কোরিওলিসের প্রভাব এ অঞ্চলেই বেশি মাত্রায় ক্রিয়াশীল থাকে। কোরিওলিসের প্রভাবে এ অঞ্চলে বায়ু সোজাসুজি প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে যায়। ফলে ঘূর্ণনগতিসম্পন্ন ঝড়ের সৃষ্টি হয়। উত্তর গোলার্ধে এ কারণে ঘূর্ণিঝড় (টর্নেডোসহ) ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে ঘোরে। কোরিওলিসের শক্তি ন্যূনতম থাকায় নিরক্ষরেখার জিরো ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রির মধ্যে ঘূর্ণনগতিসম্পন্ন ঝড়ের সৃষ্টি হতে পারে না।তৃতীয়ত, বায়ুমণ্ডলের নিম্ন ও মধ্যস্তরের অধিক আর্দ্রতা ঘূর্ণিঝড়ের সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখে এবং চতুর্থত, ঘূর্ণিঝড় স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টি হয় না। তাই সমুদ্রে আগে থেকে বিরাজমান বিক্ষুব্ধ পরিস্থিতি থাকলে ঘূর্ণিঝড় সেটাকে কেন্দ্র করে গড়ে ওঠে। বিজ্ঞানীরা অবশ্য ঘূর্ণিঝড় সৃষ্টির পেছনে আরও প্রভাবক আছে কি না, তা এখনো খুঁজে বের করার চেষ্টা করছেন। তবে এ চারটি প্রভাবক একসঙ্গে এবং একই সময়ে থাকাও বেশ সহজ কথা নয়। তাই বলা যায়, ঘূর্ণিঝড়ের সৃষ্টি মোটামুটি একটি জটিল ব্যাপার।ঘূর্ণিঝড়ের নামকরণশুরুতে ঘূর্ণিঝড়ের নামকরণের বিষয়ে একটু বলেছিলাম। ঘূর্ণিঝড়ের উৎপত্তিস্থল অনুযায়ী গ্রীষ্মমণ্ডলীয় সমুদ্র অঞ্চলকে সাতটি বেসিনে ভাগ করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে: উত্তর ভারতীয় মহাসাগর, দক্ষিণ-পশ্চিম ভারতীয় মহাসাগর, উত্তর আটলান্টিক, উত্তর-পূর্ব প্রশান্ত মহাসাগর, দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগর, দক্ষিণ প্রশান্ত মহাসাগর এবং অস্ট্রেলীয় অঞ্চল।সব বেসিনে সৃষ্ট ঘূর্ণিঝড়ের বৈশিষ্ট্য একই হলেও সাধারণভাবে ভারত মহাসাগরীয় অঞ্চলে যে ঘূর্ণিঝড় হয়, তাদের ডাকা হয় সাইক্লোন বলে। ইংরেজ সাহেব প্রাক্তন জাহাজি হেনরি পিডিংটন কলকাতায় চাকরি করার সময় এ অঞ্চলের ঝড়ের দানবাকৃতি দেখে গ্রিক শব্দ ‘kyklos’ থেকে (যার একটা অর্থ সাপের কুণ্ডলী) সাইক্লোন নাম প্রস্তাব করেন। ১৮৪৮ সালে নাবিকদের জন্য তাঁর লেখা সেইলার্স হর্ন বুক ফর দ্য ল অব স্টর্মস-এ যা প্রথম প্রকাশিত হয়।আটলান্টিক মহাসাগরীয় এলাকার ঘূর্ণিঝড়গুলোকে বলা হয় হারিকেন। সাধারণত একটু শক্তিশালী ঝড়কেই (বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭৪ মাইলের বেশি) হারিকেন ডাকা হয়, যার নামকরণ করা হয়েছে এ অঞ্চলের আদি অধিবাসী মায়াদের ঝড়বৃষ্টির দেবতা ‘হুরাকানের’ নামে। আটলান্টিক এলাকায় হারিকেনের শক্তিমাত্রা অনুযায়ী এগুলোকে ক্যাটাগরি-১, ক্যাটাগরি-২—এভাবে পাঁচ ভাগে ভাগ করা হয়। সাধারণত ক্যাটাগরি-৩ বা তার ঊর্ধ্বমাত্রার হারিকেনকে (বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১০ মাইলের বেশি) খুবই শক্তিশালী গণ্য করা হয়। প্রকৌশলী হার্বাট সাফির ও বিজ্ঞানী রবার্ট সিম্পসন যৌথভাবে ঘূর্ণিঝড়ের শক্তিমত্তা নির্ণয়ের এই পদ্ধতি আবিষ্কার করেছিলেন বলে একে ‘সাফির-সিম্পসন স্কেল’ বলা হয়।অন্যদিকে প্রশান্ত মহাসাগরীয় এলাকার ঘূর্ণিঝড়কে বলা হয় ‘টাইফুন’। চীনা ভাষায় এর কাছাকাছি শব্দ taaifung বা tai feng, যার অর্থ ‘শক্তিশালী বায়ু’। এ ছাড়া আরবরাও গ্রিক মিথলজির বায়ুদৈত্য tuphon থেকে ঝড়ের নামকরণ করেছিল ‘তুফান’, যা আমরা অনেক সময় বাংলায়ও (উপমহাদেশের অন্য কিছু ভাষায়ও) ব্যবহার করি। আরবদের কাছ থেকে এ শব্দ একসময় ইংরেজদের কাছে যায় এবং শেলির প্রমিথিউস আনবাউন্ড বইতে ১৮১৯ সালে প্রথম ‘typhoon’ বানানটি ব্যবহূত হয়।আগে বিচ্ছিন্নভাবে নির্দিষ্ট কোনো ঝড়ের নামকরণ করা হলেও সাম্প্রতিককালে প্রতিটি ঝড়কে চিহ্নিত করতে আলাদাভাবে নামকরণ করা হয়। ঘূর্ণিঝড়ের উৎপত্তির যে বেসিনগুলো রয়েছে, প্রতিটি বেসিনে ঝড়ের পূর্বাভাস দেওয়ার জন্য আলাদা কর্তৃপক্ষ রয়েছে। তারাই ঝড়ের এ নামগুলো দেয়। যেমন, উত্তর আটলান্টিক বেসিনে পূর্বাভাসের দায়িত্বে রয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার। এখানে উৎপন্ন হারিকেনের নাম তারাই দিয়ে থাকে। কাজের সুবিধার জন্য তারা নামকরণের একটি তালিকা আগেই বানিয়ে নিয়েছে, যেটা বর্ণানুক্রমিকভাবে অনুসরণ করা হয়। অর্থাৎ, বছরের প্রথম হারিকেনটির নাম হবে ‘A’ দিয়ে, যেমন অ্যান্ড্রু। দ্বিতীয়টি হবে ‘B’ দিয়ে, যেমন বার্থা প্রভৃতি। এ রকম ছয় বছরের জন্য তালিকা আগেই বাছাই করা থাকে। সেখান থেকে নামগুলো পর্যায়ক্রমিকভাবে দেওয়া হয়। তবে কোনো ঘূর্ণিঝড় যদি ব্যাপক ক্ষতিসাধন করে, তবে সেটা আর তালিকায় পরবর্তী সময়ে ব্যবহার করা হয় না। যেমন, ২০০৫ সালে হারিকেন ক্যাটরিনা বিপুল ক্ষয়ক্ষতির কারণে বিখ্যাত হয়ে যাওয়ায় এটি আর নামকরণে ব্যবহূত হবে না। আগে নারীদের নামে হারিকেনের নামকরণ করা হলেও ১৯৭৯ সাল থেকে প্রথম পুরুষের নাম অন্তর্ভুক্ত হয় এবং বর্তমান তালিকায় সমানভাবে পর্যায়ক্রমে মহিলা ও পুরুষের নাম রয়েছে।তবে এ তো গেল আটলান্টিক মহাসাগর এলাকার ঘূর্ণিঝড়ের নাম। আমাদের অঞ্চলে, অর্থাৎ উত্তর ভারত মহাসাগরীয় এলাকায় পূর্বাভাসের দায়িত্বে আছে ভারতীয় আবহাওয়া বিভাগ। ভারত, বাংলাদেশ, পাকিস্তানসহ এ অঞ্চলের আরও কিছু দেশ বিশ্ব আবহাওয়া সংস্থার একটি প্যানেলের (WMO/ESCAP) সদস্য। ২০০০ সালে এই প্যানেল প্রথম প্রস্তাব করে এ অঞ্চলের ঘূর্ণিঝড়ের নামকরণ করার জন্য। এ জন্য প্রতিটি দেশ থেকে ১০টি করে নাম জমা দেওয়ার সিদ্ধান্ত হয়। যেহেতু বিভিন্ন দেশ তাদের বৈশিষ্ট্য অনুযায়ী নাম দিয়েছে, তাই এখানকার ঝড়ের নামে কোনো বর্ণানুক্রম বা সামঞ্জস্য নেই। কোনো ঝড়ের নাম অগ্নি, আবার কোনোটার নাম নার্গিস। ২০০৪ সালে ভারতীয় আবহাওয়া বিভাগ এ অঞ্চলে প্রথম যে ঘূর্ণিঝড়টির নামকরণ করেছিল, তার নাম ছিল অনিল।ঘূর্ণিঝড়ের ‘চোখ’কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ঘূর্ণিঝড়ের যেকোনো স্যাটেলাইট ছবিতে কেন্দ্রে যে বৃত্তাকার ছোট অংশটি দেখি, সেটিকে ‘আই’ বা চোখ বলা হয়। এর চারপাশে বৃত্তাকার যে বলয়টি রয়েছে, তাকে বলা হয় ‘আই-ওয়াল’। মজার ব্যাপার হলো, হারিকেনের চোখ বা আই হচ্ছে ঘূর্ণিঝড়ের সবচেয়ে শান্ত অংশ, এখানে কোনো ঝড়ঝঞ্ঝার চিহ্ন থাকে না, কিন্তু এই চোখ উপকূলের যে অংশ দিয়ে অতিক্রম করে, তাদেরই বেশি হ্যাপা পোহাতে হয়। কারণ, সে অংশটিকে দুবার আই-ওয়ালের মুখোমুখি হতে হয়। সাধারণত শক্তিশালী ঘূর্ণিঝড়ের চোখ সুগঠিত থাকে। হারিকেন আইরিন আকারে বিশাল হলেও এর শক্তিমত্তা যে কম, তা এর চোখ দেখেই বলে দেওয়া যায়।কারণ এর কেন্দ্রটি সুগঠিত নয়। আই-ওয়াল বলয়ের পাশে সর্পিলাকার যে কুণ্ডলী থাকে, সেগুলোকে বলে রেইনব্যান্ডস বা বৃষ্টির কুণ্ডলী। আকারে বিশাল হলেও আই-ওয়ালের বাইরের অংশ যত বড়ই হোক না কেন, সে অংশে বৃষ্টি ছাড়া কিছু হয় না, বাতাসের গতিবেগও কম থাকে। অনেক সময় কিছু টর্নেডো হওয়ার আশঙ্কা থাকে।ঘূর্ণিঝড়ের মৌসুমযেহেতু ঘূর্ণিঝড় সৃষ্টি হতে কিছু প্রভাবকের উপস্থিতির প্রয়োজন, সেহেতু প্রতিটি বেসিনে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হওয়ার নির্দিষ্ট মৌসুম রয়েছে, যখন সেখানে প্রভাবকগুলোর উপস্থিতির সম্ভাবনা বেশি থাকে। উত্তর আটলান্টিকে এ সময়কাল হচ্ছে ১ জুন থেকে ৩০ নভেম্বর পর্যন্ত, যা যুক্তরাষ্ট্রে ‘হারিকেন মৌসুম’ হিসেবে পরিচিত। মূলত এ সময়ে সমুদ্রের পানির উষ্ণতা ঘূর্ণিঝড় সৃষ্টির আদর্শ সীমার মধ্যে থাকে।আমাদের দেশে বর্ষাকালের কারণে ঘূর্ণিঝড়ের মৌসুম দুই ভাগে বিভক্ত—বর্ষা-পূর্ব এবং বর্ষা-উত্তর। বর্ষার উপস্থিতিতে ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোনের প্রভাবে এ অঞ্চলে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে না।চট্টগ্রামে ২৯ এপ্রিল ১৯৯১ এবং বরিশাল অঞ্চলে ১৩ নভেম্বর, ১৯৭০ সালের ঘূর্ণিঝড় দুটি যথাক্রমে বর্ষা-পূর্ব ও বর্ষা-উত্তরকালীন ভয়ংকরতম ঘূর্ণিঝড়ের উদাহরণ। শীতকালে সমুদ্রের পানির তাপমাত্রা আদর্শ সীমার নিচে থাকায় এ সময়ে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় না।ঘূর্ণিঝড় ও বৈশ্বিক উষ্ণায়নঘূর্ণিঝড় সৃষ্টির ক্ষেত্রে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব একটি বিতর্কিত বিষয়। সাধারণত ঘূর্ণিঝড়ের সংখ্যা বেড়ে যাওয়া বা কমে যাওয়ার একটি চক্র (সাইকেল) রয়েছে। আমরা ইদানীং একটু বেশি পরিমাণে ঘূর্ণিঝড় দেখছি। কারণ, স্বাভাবিক প্রক্রিয়ায় চক্রটি এ সময় বৃদ্ধি পেয়েছে, যা আটলান্টিক অঞ্চলে মোটামুটি ১৯৯৫ সাল থেকে শুরু হয়েছে। আরও কয়েক বছর পর আমরা হয়তো অনেক দিন পর পর ঘূর্ণিঝড়ের কথা শুনব। কারণ, চক্র অনুযায়ী ঘূর্ণিঝড়ের সংখ্যা তখন কমে আসবে। যাঁরা বৈশ্বিক উষ্ণায়নের বিষয়টি স্বীকার করতে চান না, তাঁরা ঘূর্ণিঝড় প্রসঙ্গে এ চক্রের কথাই বারবার বলেন। কিন্তু গবেষণায় দেখা গেছে, অতীতের চক্রগুলোর তুলনায় বর্তমান চক্রে ঘূর্ণিঝড়ের সংখ্যা এবং শক্তিমত্তা অনেক বেশি, যার পেছনে জলবায়ুর পরিবর্তন বা বৈশ্বিক উষ্ণায়নের ভূমিকা থাকতে পারে। এ ছাড়া বৈশ্বিক উষ্ণায়নের কারণে বর্তমান বর্ধিষ্ণু চক্রের সময়কালও বাড়তে পারে।লেখক: সহকারী অধ্যাপকদুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জ্যাকসনভিল স্টেট বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র। [email protected]