ঘূর্ণিঝড়ের নাম ‘জল’, বঙ্গোপসাগর উপকূলে ২ নম্বর সতর্ক সংকেত জারি
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ‘জল’ নামের ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। আবহাওয়া বিভাগ এ কারণে চট্টগ্রাম, মংলা সমুদ্রবন্দর, কক্সবাজারসহ দক্ষিণ উপকূলে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত জারি করেছে। আবহাওয়া বিভাগের উদ্ধৃতি দিয়ে বরগুনা জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির কর্মকর্তারা আজ শনিবার এ তথ্য জানান।ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির উপপরিচালক হাফিজ আহাম্মদ আজ সকালে প্রথম আলোকে জানান, দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় জল আজ সকালে সামান্য উত্তর-পশ্চিম দিকে সরে একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৪৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে এক হাজার ৪০৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে এবং মংলা বন্দর থেকে এক হাজার ৪১০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ৮৯ কিলোমিটার যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ১১৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সমুদ্র উত্তাল হতে পারে। সমুদ্র তীরবর্তী এলাকার সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।