ঘূর্ণিবলে ঘুরল জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দ আর আক্ষেপের মেশানো অনুভূতি কেমন হয়? গ্রামীণফোন-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানের দিন অদ্ভুত সেই অনুভূতির সঙ্গে পরিচয় খাদিজাতুল কুবরার। অনুষ্ঠানে আসার সব প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন। রাজনৈতিক পরিস্থিতির কারণে আচমকা যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বগুড়া থেকে আসতে পারলেন না ঢাকায়। পরে অনুষ্ঠানস্থল থেকে সতীর্থ শারমিন শুপ্তার ফোনে যখন জানলেন পুরস্কার জয়ের খবর, আনন্দ-আক্ষেপের অনুভূতি ঘিরে ধরল খাদিজাকে। গত বছর দেশের সেরা নারী ক্রীড়াবিদ, অবিশ্বাস্য ভালো লাগার এই অনুভূতির সঙ্গে নিজের হাতে পুরস্কার নিতে না পারার আক্ষেপ!সেই অনুভূতির দোলাচলে আছেন এখনো। ‘আরেকবার জিতে নিজে পুরস্কার নিতে না পারলে কষ্টটা বুঝি কমবে না’—খাদিজা হাসেন। সেই হাসিতে যেন প্রত্যয়ের ছোঁয়া, জিতবই আরেকবার!এমনিতে আক্ষেপ শব্দটার সঙ্গে খুব একটা পরিচয় নেই তাঁর। ১৭ বছরের জীবনে সিঁড়ি বেয়ে উঠেছেন বেশ দ্রুতই। বাংলাদেশের একটা মফস্বল শহরের প্রেক্ষাপট বিবেচনায় একটা দিক থেকে দারুণ ভাগ্যবানও। পরিবার বাধা তো হয়ইনি, বরং হাতে হাত ধরে সাহায্য করেছে সিঁড়ি পার হতে। ছোটবেলা থেকেই আশপাশে ছেলেপেলেদের সঙ্গে মিলে ক্রিকেট খেলতেন খাদিজা। তাই দেখে ক্রিকেট-পাগল দাদু কতবার বলেছেন, ‘বাংলাদেশে মেয়েদের ক্রিকেট দল থাকলে এই নাতনিকে আমি ক্রিকেটার বানাতাম।’ দাদু জানতেন না, বাংলাদেশে মেয়েদের ক্রিকেট দল আছে!দাদুর ইচ্ছে পূরণ হলো বাবার হাত ধরে। ডিসি অফিসে কাজ করেন বাবা জামিল আখতার। একদিন দেখতে পেলেন জেলা ক্রিকেট দল গঠনের দাবি নিয়ে জেলা প্রশাসকের কাছে এসেছেন বেশ কজন মেয়ে। যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেলেন। খোঁজখবর নিলেন ওই মেয়েরা কোথায়-কীভাবে অনুশীলন করে। রাতেই বাড়ি ফিরে খাদিজাকে বললেন, ‘মা, ক্রিকেট খেলবি?’ বাংলাদেশের অনেক বাবার চেয়ে এখানেই ব্যতিক্রম জামিল, ‘মেয়েটা ছোটবেলায় ক্রিকেট খেলত। কিন্তু একটু বড় হওয়ার পর স্কুল থেকে ফিরে বাড়িতেই বসে থাকত। ভাবতাম, কীভাবে ওকে বাড়ির বাইরে বের করা যায়। বড় ক্রিকেটার বানাব বা জাতীয় দলে খেলবে, এসব ভাবিনি। পড়াশোনার পাশাপাশি কিছু একটা করুক, এই ভাবনা থেকেই ওকে ক্রিকেটে আনা।’ ছোটবেলায় স্রেফ মনের আনন্দে খেলতেন, ক্রিকেট নিয়ে অত আবেগ-ভালোবাসা ছিল না খাদিজার। বাবার ইচ্ছে দেখে ‘না’ করলেন না। যোগ দিলেন স্থানীয় কোচ ফিরোজ স্যারের ক্যাম্পে। ব্যাটের হাত ভালো ছিল না, শুরু করলেন পেসার হিসেবে। কোচের পরামর্শে পরে হয়ে গেলেন স্পিনার। নতুন ছাত্রী কোচের মন জয় করলেন দ্রুতই। ২০০৮ সালে ক্রিকেট শুরু করলেন, পরের বছরই কোচ তাঁকে ঢাকায় পাঠালেন ক্লাব কাপ খেলতে। সেই প্রথম ঢাকায় আসা, এত বড় প্রতিযোগিতায় খেলা, সব মিলিয়ে একটু ঘাবড়ে গিয়েছিলেন। পারফরম্যান্স তাই চোখে পড়ার মতো হয়নি। পরের বছর সুযোগ পেলেন আবাহনীতে। ঘূর্ণি বল দিয়ে নজর কাড়লেন। ডাক পেলেন জাতীয় দলের ক্যাম্পেও। সুযোগ পেয়ে গেলেন জাতীয় দলের হয়ে ভারত ও শ্রীলঙ্কা সফরে! এরপর বিশ্বকাপ বাছাইপর্বের দলেও। বাংলাদেশের মহিলা ক্রিকেটের নতুন তারকা হিসেবে আবির্ভূত হলেন এই টুর্নামেন্টেই। পাকিস্তানের বিপক্ষে ৪ উইকেট নিয়ে শুরু, যদিও হেরেছিল দল। আয়ারল্যান্ডের বিপক্ষে ৩২ রানে ৬ উইকেট নিয়ে জিতিয়েই ছাড়লেন দলকে। আর যে ম্যাচ জিতে বাংলাদেশের মেয়েরা পেল ওয়ানডে স্ট্যাটাস, সেটিতেও ম্যাচ-সেরা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪ উইকেট। ৭ ম্যাচে মোট ১৮ উইকেট! এই পারফরম্যান্সেই ২০১১ সালের বর্ষসেরা নারী ক্রীড়াবিদ খাদিজা।পরিবার বাধা না হলেও আরেকটা চিরন্তন সংঘাতের মুখোমুখি কিন্তু হতেই হয়েছে। পড়াশোনা আর ক্রিকেট! পড়াশোনার চাপ সামলাতে না পারায় ছাড়তে হয়েছে বগুড়ার পুলিশ লাইন স্কুল। ভর্তি হলেন ফয়জুল্লাহ উচ্চবিদ্যালয়ে। এসএসসির টেস্ট পরীক্ষার মাঝে পড়ে গেল খেলা। শিক্ষকেরা আশ্বাস দিলেন, ‘খেলে আসো, বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হবে।’ পরে বেমালুম তা ভুলে গিয়ে রেজিস্ট্রেশন করতে দেওয়া হলো না। অনেক কষ্টে পরে কাহালুর জিয়াকুর স্কুল থেকে পাস করেছেন এসএসসি। ইংরেজি পরীক্ষার আগের দিনই খেলা ছিল জামালপুরে। তার পরও ঠিকই উতরে গেছেন পরীক্ষায়। এখন পড়ছেন কলেজে। সহায়তাও পাচ্ছেন শিক্ষকদের।স্বপ্ন তাঁর অনেক বড়। প্রিয় স্পিনার মুত্তিয়া মুরালিধরনের মতো ঘূর্ণিবলের জাদুতে মাত করতে চান। প্রথম আলোর পুরস্কার, প্রধানমন্ত্রীর পুরস্কারসহ যত পুরস্কার পেয়েছেন, সব টাকা জমিয়ে রাখছেন। দেশের বাইরে ভালো কোনো স্পিন কোচিংয়ে যোগ দিতে চান ওই টাকা দিয়ে। হতে চান বিশ্বের সেরা স্পিনার।প্রতিভা আছে, আছে ইচ্ছাশক্তি, খাদিজাকে দমিয়ে রাখবে কে? কে জানে, একদিন হয়তো মহিলা ক্রিকেটের মুরালিধরন হিসেবেই দাপিয়ে বেড়াবেন ক্রিকেট-বিশ্ব! আরিফুল ইসলাম