ওয়ার্ন-মুরালিধরনের পর বিশ্ব ক্রিকেট যেন পেয়ে গেছে আরেক স্পিন-জাদুকর। সাঈদ আজমল রহস্যের জাল বিছিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত, ব্যাটসম্যানদের জন্য ক্রমাগতই হয়ে উঠছেন দুর্বোধ্য এক ধাধা। ঘূর্ণিবলের নতুন এই জাদুকরকে নিয়ে লিখেছেন এত দিন পর কথাটা বলেই ফেলা যায়। বর্তমান প্রেক্ষাপটে সেই ‘অফ দ্য রেকর্ড’ কথাটা ‘অন রেকর্ড’ করলে সাঈদ আজমল মাইন্ড করবেন না বলেই ধারণা!শ্রীলঙ্কায় তখন চলছিল বিশ্বকাপ। পাকিস্তানের ঐচ্ছিক অনুশীলন। পাহাড়ের কোলঘেঁষে দাঁড়ানো নয়নাভিরাম পাল্লেকেলে স্টেডিয়ামের নেট অনুশীলনের জায়গাটাও দারুণ। ঐচ্ছিক অনুশীলন বলেই একটু গা-ছাড়া ভাব। জুনাইদ খান, আসাদ শফিক, ইউনুস খান, আহমেদ শেহজাদ, উমর আকমল আর বোলিং কোচ আকিব জাভেদ ফুটবল নিয়ে ‘চোর’ ‘চোর’ খেলছিলেন। রেফারি কোচ ওয়াকার ইউনুস। একটু দূরে একাকী দাঁড়ানো আজমল। চোখে সানগ্লাস, হাতে বল ঘোরাচ্ছেন। মনটা যেন ভার। কদিন আগে বাবাকে হারিয়েছেন। বিশ্বকাপেও নিয়মিত খেলানো হচ্ছে না, কোচ ওয়াকারের পছন্দ আবদুর রেহমান। মন ভার থাকারই কথা।ম্যানেজার ইন্তিখাব আলমকে রাজি করিয়ে ওখানে দাঁড়িয়েই মিনিট পনেরোর ছোট্ট একটা ইন্টারভিউ হয়ে গেল ‘উদাসী’ আজমলের। বিশ্বকাপে নিয়মিত না খেলানোর প্রশ্নে কূটনৈতিক উত্তর, ‘দলের প্রয়োজনটাই বড়, কোচ-অধিনায়ক যা ভালো মনে করেন’ ইত্যাদি ইত্যাদি। সাংবাদিকতার নিয়ম মেনে ‘এক্সক্লুসিভ’ কিছু পাওয়ার আশায় তবু ক্রমাগত খুঁচিয়ে যাওয়া। একপর্যায়ে বলেই ফেললেন, ‘এখন আমি বাইরে, কিন্তু কিছুদিন পর দেখবেন আমাকে ছাড়া পাকিস্তান দল সাজাতে পারবে না ইনশাল্লাহ।’ পরক্ষণেই আবার সতর্ক, ‘কোট না কারনা ইয়ার, অফ দ্য রেকর্ড।’ সেদিন আজমলের আরেকটা কথাও এখনো কানে বাজে, ‘আমি বিশ্বের সেরা বোলার হতে চাই।’ টেস্টে না ওয়ানডেতে? ‘আরে ইয়ার, সেরা তো সেরাই, সবকিছুতেই সেরা হতে চাই।’ এটা অবশ্য লিখতে মানা করেননি। কিন্তু একাদশে নিয়মিত সুযোগ না পাওয়া একজন বিশ্বসেরা হতে চান—একটু হাস্যকর হয়ে যায় কি না ভেবে আর লেখা হয়নি তখন। মাত্র দেড় বছরের ব্যবধান—‘অফ দ্য রেকর্ড’ আর ‘অন দ্য রেকর্ড’ যা যা বলেছিলেন সাঈদ আজমল, সব কেমন সত্যি বানিয়ে ছাড়লেন!ক্রিকেটের তিন সংস্করণেই সবার আগে আজমলের নামটি বসিয়ে এরপর একাদশ সাজাতে হয় পাকিস্তানকে। তিনিই এখন বিশ্বসেরা বোলার কি না, এ নিয়ে অবশ্য তর্ক হতে পারে। মূল প্রতিদ্বন্দ্বী অবশ্যই ডেল স্টেইন। দীর্ঘদিন ধরে ধারাবাহিকতা, মুহূর্তেই ম্যাচের রং পাল্টে দেওয়া, সব ধরনের কন্ডিশনে আর সব প্রতিপক্ষের বিপক্ষে পারফরম্যান্স বিবেচনায় টেস্টে স্টেইন অবশ্যই এগিয়ে। কিন্তু ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অনেক এগিয়ে আজমল। আইসিসি র্যাঙ্কিংও কিন্তু সেটাই বলছে। টেস্টে স্টেইন এক নম্বর, আজমল তিনে। ওয়ানডেতে আজমল এক, স্টেইন ১০। টি-টোয়েন্টিতে আজমল দুই, স্টেইন সেরা ১০০-তেই নেই! একজন ফাস্ট বোলার, আরেকজন অফ স্পিনার—কেউ কারও বিকল্প নন। তবে কথার কথা, যদি তিন সংস্করণের জন্য কোনো একজনকে বেছে নিতে হয়? সেই একজন কি আজমলই! সাম্প্রতিক পরিসংখ্যান কী বলছে দেখা যাক। গত বিশ্বকাপের পর থেকে তিন ধরনের ক্রিকেট মিলিয়ে উইকেট সংখ্যায় আজমলের ধারে-কাছে কেউ নেই (আজমল ১৬৪, সোয়ান ৯৯, ব্রড ৯৭)। আলাদা আলাদাভাবেও টেস্ট (৮৯) ও টি-টোয়েন্টিতে (১৫) সর্বোচ্চ উইকেট তাঁরই। ওয়ানডেতে আজমলের (৬০) চেয়ে বেশি উইকেট শুধু মালিঙ্গার (৭৩)। তবে মালিঙ্গা ম্যাচও খেলেছেন ১০টি বেশি। পাকিস্তানের হয়ে সবচেয়ে কম টেস্টে (২০) ১০০ উইকেট ছোঁয়ার রেকর্ডটাও করে ফেলেছেন আজমল। তবে পরিসংখ্যান, উইকেট-সংখ্যা, র্যাঙ্কিং, রেকর্ড—এসব টেনে আনা স্রেফ আজমলের শ্রেষ্ঠত্ব বোঝাতে। বোলার আজমল এখন এসবের অনেক ঊর্ধ্বে উঠে গেছেন। আজমল এমন এক জাদুকরের নাম, প্রতিদিনই যিনি মুগ্ধ করে চলেছেন স্পিন-জাদুতে। ওয়ার্ন-মুরালি-উত্তর যুগে এত দ্রুতই আরেকজন স্পিনারের পাশে ‘ম্যাজিশিয়ান’ শব্দটি বসবে, এটা ছিল অনেকটা ভাবনার অতীত। কিন্তু সাধারণ ভাবনাকে ছাড়িয়ে যান বলেই না চ্যাম্পিয়নরা বিশেষ কিছু! আজমল যেমন পেরেছেন। সাকলায়েন মুশতাকের আবিষ্কৃত দুসরা আরও ধারালো হয়ে ভয়াবহ এক মারণাস্ত্র হয়ে উঠেছিল মুত্তিয়া মুরালিধরনের হাতে। আর সেই দুসরা নতুন এক মাত্রা পেয়েছে আজমলের হাতে। এই সেদিন টনি গ্রেগ বলছিলেন, ‘দুসরার এমন ফলপ্রসূ ব্যবহার সাকলায়েন-মুরালিও হয়তো করতে পারেননি।’সাধারণত ফ্লাইট অনেক কম দেন আজমল, মুরালির মতো বিশাল টার্ন তো নেই-ই। এটাই হয়ে উঠেছে তাঁর জন্য শাপেবর। অফ ব্রেকটা কম টার্ন করে বলে আজমলের দুসরাও বেশি কার্যকর। অফ ব্রেক, সোজা বল আর দুসরার মধ্যে ফারাকটা এত কম যে ব্যাটসম্যানের ব্যাটের কানা নেওয়ার সম্ভাবনা সব সময়ই থাকে। একটু জোরের ওপর করেন বলে আজমলের দুসরা ব্যাটসম্যানদের জন্য যেন বিভীষিকা। অফ ব্রেক-সোজা বল-দুসরা—সবগুলোতেই অবিশ্বাস্য নিয়ন্ত্রণ, সঙ্গে গতি-বৈচিত্র্য মিলিয়ে আজমল এখন দুর্বোধ্য এক রহস্য, এক ধাঁধার নাম। যে রহস্যে ঘুরপাক খাচ্ছেন ব্যাটসম্যানরা, কিন্তু অত্যাধুনিক প্রযুক্তি, ভিডিও বিশ্লেষণের এই যুগেও রহস্যের কোনো কূল-কিনারা করতে পারছেন না। গ্রেটনেসের একটা বড় পরিমাপক কখনো কখনো অন্য গ্রেটদের সাধারণের পর্যায়ে নামিয়ে আনে। আজমল কিন্তু এ কাজটা করে যাচ্ছেন নিয়মিতই। স্পিনে ওস্তাদ বলে পরিচিতি ছিল এমন অনেক ব্যাটসম্যানকেই তিনি নবিশের পর্যায়ে নামিয়ে এনেছেন। মাইক হাসির কথাই ধরুন। ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে এই আজমলকে তুলাধোনো করেই দলকে অবিশ্বাস্য এক জয় এনে দিয়েছিলেন হাসি। সেই হাসিকে এবার মধ্যপ্রাচ্যে কী বোকাটাই না বানালেন! প্রথম দুই ম্যাচে কিছুই না বুঝে এলবিডব্লিউ ও বোল্ড হয়েছেন। শেষ ম্যাচেও শূন্য রানে এলবিডব্লিউ ছিলেন। কিন্তু আম্পায়ার আউট দেননি, আজমলও রেফারেল চাননি সাহস করে। ওই সাহসটুকু করলে সিরিজটাও হয়তো পাকিস্তানই জিতত, হাসি-আজমল লড়াইয়ের ফলাফল থাকত ৩-০! আরেক হাসির ক্ষেত্রে কিন্তু ৩-০-ই হয়েছে। স্পিন দারুণ খেলেন বলে ডেভিড হাসির সুনাম আছে। সেই সুনামে কালির ছোপ লাগিয়ে দিয়েছেন আজমল তাঁকে তিন ম্যাচেই আউট করে। শুধু কি আউট? এর আগে নাচিয়ে ছেড়েছেন। এই মধ্যপ্রাচ্যেই কিছুদিন আগে নাচিয়ে ছেড়েছেন ইংলিশদের। একাই একটা সিরিজের ভাগ্য গড়ে দেওয়ার এমন কীর্তি সাম্প্রতিক সময়ে কমই দেখা গেছে। এক নম্বরে থাকা ইংলিশদের অভাবিতভাবে ধবলধোলাই করল পাকিস্তান তো আজমলের সৌজন্যেই! ৩ টেস্টে ২৪ উইকেট পেয়েছেন, কিন্তু তাঁর বোলিংয়ের প্রভাবটা ছিল যেন আরও বেশি। মনোবলটাই ভেঙে দিয়েছিলেন ইংলিশদের। ওই সিরিজেও স্পিনে ইংল্যান্ডের সেরা ব্যাটসম্যান ইয়ান বেলকে স্পিন-শিক্ষা দিয়ে আউট করেছেন চারবার!আজমলের বিশেষত্বটা এখানেই। আউট তো করছেনই, কিন্তু এর আগে বৈচিত্র্যময় স্পিনে যেভাবে ব্যাটসম্যানদের নাচিয়ে, কাঁপিয়ে, বিভ্রান্ত, অসহায় আর হতবুদ্ধি করে ছাড়ছেন, আজমলকে ‘বিশেষ’ করে তুলেছে সেটাই। টেস্ট-ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি, ইনিংসের শুরু বা মাঝে হোক অথবা স্লগ ওভার—আজমলকে ধরতে পারা বা পড়তে পারার চেয়ে কঠিন কাজ যেন আর নেই। অদ্ভুত একটা ব্যাপারও দেখা গেল সেদিন শারজায়। ওয়াকার বা শোয়েব রানআপে ছোটার সময় যেমন ‘রোল’ উঠত গ্যালারিতে, আজমলের ছোট্ট রানআপেই সেই ‘রোল’ উঠছে গ্যালারিতে! বিধ্বংসী ফাস্ট বোলারদের মতোই যেন প্রতি বলেই কিছু না কিছু একটা হয়ে যাওয়ার সম্ভাবনা! ব্যাটসম্যানদের ‘কাঁপিয়ে দেওয়া’ শব্দটা সাধারণত বিধ্বংসী ফাস্ট বোলারদের সঙ্গেই যায়, কিন্তু আজমলের নামের পাশেও কেমন মানিয়ে যাচ্ছে ইদানীং! স্পিন বোলিংটাও যে দারুণ বিনোদন, উপভোগ করা যায় তারিয়ে তারিয়ে, ওয়ার্ন-মুরালি-উত্তর যুগে সেটা দারুণভাবে দেখিয়ে যাচ্ছেন আজমল। কোনো একজনের আকর্ষণে মাঠে টানার মতো তারকা দিন দিন কমে যাচ্ছে, আজমলের মতো একটা ‘চুম্বক’ তাই বড় প্রয়োজন ছিল ক্রিকেটের। টনি গ্রেগের আরেকটা কথা দিয়েই শেষ করা যাক, ‘আজমলের হাত থেকে বেরোনো বল অফ ব্রেক না সোজা না দুসরা, এটা বোঝার উপায় নেই। একটা ব্যাপারই শুধু নিশ্চিত হি ইজ দ্য বেস্ট, হি ইজ আ ম্যাজিশিয়ান!’ ৩০ বছরের পর টেস্ট অভিষিক্ত হয়েও ১০০ উইকেট নেওয়া মাত্র তৃতীয় বোলার। আগের দুজনও স্পিনার—ক্ল্যারি গ্রিমেট ও দিলীপ দোশি। পাকিস্তানের হয়ে সবচেয়ে কম (২০) টেস্টে ১০০ উইকেটের মাইলফলক ছোঁয়ার কৃতিত্ব আজমলের। গত বছর টেস্টে ৫০ উইকেট নেওয়া একমাত্র বোলার। এ বছর এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ উইকেট (৬ টেস্টে, সর্বোচ্চ স্টুয়ার্ট ব্রড, ৯ টেস্টে ৪০) গত ১০ বছরে টেস্টে কমপক্ষে ১০০ উইকেট নেওয়া স্পিনারদের মধ্যে টেস্টে আজমলের (২৭.০৯) চেয়ে ভালো বোলিং গড় শুধু দুজনের—শেন ওয়ার্ন (২৩.৪৮) ও মুত্তিয়া মুরালিধরনের (২২.০২)। ওয়ানডে স্পিনারদের মধ্যে আজমলের চেয়ে (২৩.২৭) ভালো শুধু মুরালিধরন (২২.১৮)। টি-টোয়েন্টিতে কমপক্ষে ১০০ ওভার বোলিং করেছেন, এমন বোলারদের মধ্যে সেরা গড় আজমলের (১৫.৮৯)।