ঘোড়ার জন্য নারীর জীবনবাজি! (ভিডিও)
একজন মানুষ কোনটি বেছে নেবেন। নিজের জীবন, নাকি পোষা প্রাণী। এ ক্ষেত্রে একটুও চিন্তার সময় নেননি নিকোল গ্রাহাম। নিজের জীবন বাজি রেখে প্রিয় পোষা ঘোড়াকে বাঁচানোর জন্য তিন ঘণ্টার শ্বাসরুদ্ধকর একটি যুদ্ধে অবতীর্ণ হয়েছেন অস্ট্রেলীয় এই নারী।গ্রাহাম প্রতিদিনের মতো সেদিনও ঘোড়াকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন। একসময় ঘোড়াসহ চোরাবালিতে আটকে যান গ্রাহাম। কিন্তু একা ফেলে না রেখে ঘোড়াটিকে বাঁচানোর জন্য যুদ্ধে নামেন তিনি। উদ্ধারকারীরা ঘোড়াটিকে উদ্ধার করার আগ পর্যন্ত জীবন বাজি রেখে ঘোড়ার পাশেই ছিলেন গ্রাহাম।ঘোড়াটি আস্তে আস্তে ডুবে যাচ্ছিল। কিন্তু গ্রাহাম তাঁর সমস্ত শক্তি দিয়ে তিন ঘণ্টা ধরে ঘোড়ার মাথাটি কাদার ওপর তুলে ধরে রাখেন। গ্রাহামের সন্তান উদ্ধারকারীদের ফোন করতে যান এবং উদ্ধারকর্মীর পৌঁছার আগ পর্যন্ত এভাবেই গ্রাহাম ঘোড়াটিকে আগলে রাখেন।তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে উদ্ধারকারী দল গ্রাহাম ও তাঁর ঘোড়াকে কাদা থেকে উঠিয়ে আনতে সক্ষম হন।
উদ্ধার অভিযান শেষে অভিব্যক্তি জানাতে গিয়ে গ্রাহাম বলেন, ‘ব্যাপারটি ছিল খুবই আতঙ্কজনক। আমার প্রিয় ঘোড়াটি মৃত্যুর সঙ্গে লড়ছে—বিষয়টি দাঁড়িয়ে দেখা অত্যন্ত হূদয়বিদারক। আমি ২০ বছর ধরে ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছি কিন্তু এ ধরনের ঘটনা কখনো ঘটেনি। এমনকি ঘোড়াকে নিয়ে ঘোরার সময়ও আমি বুঝতে পারিনি, জায়গাটি অনেক কর্দমাক্ত ছিল।’রয়টার্স।