ঘোষণা ছাড়া জ্বালানির দাম না বাড়ানোর সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো ধরনের আগাম ঘোষণা ছাড়া জ্বালানির দাম না বাড়ানোর সুপারিশ করেছে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।বৈঠক শেষে কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক বাজারের কারণেই জ্বালানির দাম বাড়ছে। কিন্তু হঠাত্ করেই কোনো আগাম ঘোষণা ছাড়াই দাম বাড়ানোর কারণে জনগণ অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। ভবিষ্যতে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর তিন মাস আগে উপজেলা পর্যায়ে এ বিষয়ে প্রচারণা চালাতে হবে। এ জন্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করা হয়েছে।বৈঠকে মন্ত্রণালয়ের কাছে গ্যাস ব্যবহার ও বিতরণ নীতিমালা দ্রুত প্রণয়নের সুপারিশ করা হয়। সুবিদ আলী বলেন, ‘স্বাধীনতার ৪০ বছর পরও দেশে গ্যাস ব্যবহার ও বিতরণের কোনো নীতিমালা নেই। এটা খুবই দুঃখজনক।’কমিটির সদস্য ও বিএনপির সাংসদ এ এম মাহবুব উদ্দিন খোকন বৈঠকে অভিযোগ করেছেন, এক বছরে তিনবার জ্বালানির দাম বাড়ানোর ফলে আইন লঙ্ঘন হয়েছে। তিনি বলেন, এনার্জি রেগুলেটরি কমিশন আইন-২০০৩ অনুযায়ী বছরে একবারের বেশি জ্বালানির দাম বাড়ানো যাবে না। তবে আন্তর্জাতিক বাজারের দাম বাড়লে জ্বালানির দাম বাড়ানো যাবে। কিন্তু আন্তর্জাতিক বাজারের জ্বালানির দাম না বাড়লেও সরকার এক বছরে তিনবার দাম বাড়িয়েছে। তিনি অভিযোগ করেন, ‘সংসদীয় কমিটির বৈঠকে প্রতিমন্ত্রী আসেন না। মন্ত্রণালয় চালান অনির্বাচিত উপদেষ্টা, যাঁর কোনো জবাবদিহিতা নেই।’মাহবুব উদ্দিনের অভিযোগ সম্পর্কে পরে সুবিদ আলী বলেন, ‘এ ধরনের কোনো আইনের কথা আমার জানা নেই। তবে প্রয়োজন ছিল বলেই দাম বাড়ানো হয়েছে। কারণ প্রয়োজন আইন মানে না।’সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আব্দুস শহীদ, শেখ ফজলে নূর তাপস, এ এম মাহবুব উদ্দিন খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।