রংপুর জেলা প্রশাসকের দপ্তরে এমএলএসএসের ৮৪টি পদে নিয়োগের পরীক্ষা কোনো পূর্ব ঘোষণা ছাড়াই স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার সকাল নয়টায় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কারমাইকেল কলেজ, রংপুর কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশপত্র নিয়ে হাজির হয়ে পরীক্ষা স্থগিতের নোটিশ দেখতে পান পরীক্ষার্থীরা। তাঁরা প্রথমে জেলা প্রশাসকের কার্যালয় ও পরে তাঁর বাসভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। একপর্যায়ে পুলিশ এসে তাঁদের সেখান থেকে সরিয়ে দেয়।জানা যায়, আজকের পরীক্ষায় সাত হাজার ৩০০ পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা। কিন্তু গতকাল বৃহস্পতিবার রাত আটটায় হঠাত্ করেই জেলা প্রশাসকের কার্যালয় থেকে পরীক্ষা স্থগিতের নোটিশ দেওয়া হয়। পরীক্ষার্থীদের কাছে সে সংবাদ পৌঁছায়নি। ফলে তাঁরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে জড়ো হতে থাকেন। এ সময় তাঁরা পরীক্ষা স্থগিতের নোটিশ দেখতে পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে সকাল নয়টা থেকে বিক্ষোভ করতে থাকে। বন্ধের দিন থাকায় জেলা প্রশাসক বি এম এনামুল হকের কার্যালয় তালাবদ্ধ ছিল। পরে সকাল ১০টার দিকে পরীক্ষার্থীরা এনামুল হকের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় এনামুল হক বাসায় ছিলেন না। তাঁর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মাহাবুব উল আলম পরীক্ষার্থীদের কথা শোনেন ও তাঁদের শান্ত করার চেষ্টা করেন। দুপুর ১২টার দিকে কোতোয়ালি থানার পুলিশ এসে মৃদু লাঠিপেটা করে পরীক্ষার্থীদের সে জায়গা থেকে সরিয়ে দেয়।মাহাবুব উল আলম বলেন, নিয়োগ পরীক্ষাটি বাতিল নয় বরং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পরীক্ষাটি আপাতত স্থগিত করা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, ‘পরীক্ষার্থীরা জেলা প্রশাসকের বাসভবন ঘেরাও করার ফলে শহরের প্রধান সড়কটি অবরুদ্ধ হয়ে পড়ে। এতে রাস্তায় যানবাহন ও মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। আমরা তাদের সরিয়ে দিয়েছি। ওখানে মৃদু লাঠিচার্জ করা হয়েছে যেহেতু তারা অনেক সময় ধরে রাস্তা দখল করে রেখেছিল। তবে এতে কেউ আহত হয়নি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।’