উত্তরাঞ্চলের ১৬ জেলায় আজ মঙ্গলবার থেকে আমন ধানের চাল সংগ্রহ শুরু করার কথা থাকলেও তা হয়নি। রাজশাহী ও রংপুর বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে এ কথা জানা গেছে।রাজশাহী বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মামুন-অর রশিদ প্রথম আলো অনলাইনকে বলেন, ‘উত্তরাঞ্চলের ১৬ জেলা থেকে মোট এক লাখ ৩০ হাজার মেট্রিক টন আমন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সংগ্রহ অভিযান শুরুর আগে জেলা ও উপজেলা পর্যায়ে বিভাগীয় কর্মকর্তা এবং মিল-মালিকদের সঙ্গে সভা করতে হবে। আশা করছি, আগামী ৭২ ঘণ্টার মধ্যে চাল সংগ্রহ অভিযান শুরু হবে।’দিনাজপুরের জেলা প্রশাসক ও খাদ্য সংগ্রহ কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. জামাল উদ্দিন আহমেদ জানিয়েছেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন। কিন্তু সংগ্রহ অভিযান উদ্বোধনের ব্যাপারে তিনি কোনো আলোচনা করেননি।দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আনোয়ার হোসেন বলেন, আজ সরকারি ছুটির দিন থাকায় এ ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া যায়নি।