ঘোড়াঘাটের কালভার্টটি যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে
বগুড়ার সান্তাহার পৌর শহরের সান্তাহার-নওগাঁ সড়কে অবস্থিত গুরুত্বপূর্ণ কালভার্টটি যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে। বর্তমানে কালভার্টটির পাটাতন ও পাশের দেয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে।কালভার্টের পূর্ব পাশে পানি জমে সড়ক থেকে কালভার্টের সংযোগস্থলে খোয়া উঠে গিয়ে দেবে গেছে অনেকখানি। কালভার্টটির পাটাতনের দেবে যাওয়া অংশ ইটের রাবিশ দিয়ে ভরাট করে যানবাহন চলাচলের কাজ চালানো হচ্ছে। স্থানীয় পরিবহন সংস্থার লোকজনই যান চলাচলের স্বার্থে নিজ উদ্যোগে এই ইটের রাবিশ বিছিয়ে দিয়েছে।কালভার্টটি সান্তাহার শহরের প্রবেশমুখে অবস্থিত হওয়ায় প্রতিদিন এর ওপর দিয়ে অসংখ্য যানবাহন চলাচল করে। সান্তাহার শহরের ট্রাকের মালিক আবদুল কুদ্দুস বলেন, সান্তাহার একটি জংশন শহর হওয়ায় শহরটিতে হালকা ও ভারী যানবাহন চলাচলের হার তুলনামূলক বেশি। তাই ক্ষতিগ্রস্ত কালভার্টটি মেরামত করা খুবই জরুরি। আদমদীঘি অটো টেম্পো মালিক সমিতির সভাপতি আতাউর রহমান বলেন, পাকিস্তান আমলে তৈরি কালভার্টটি অনেক আগেই চলার অযোগ্য হয়ে গেছে। কিন্তু এর পরও ঝুঁকিপূর্ণ কালভার্টটি মেরামত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি।কালভার্ট পার্শ্ববর্তী দোকানের মালিক আতোয়ার হোসেন বলেন, এর ওপর কোনো ভারী যানবাহন উঠলে আশপাশের এলাকা কেঁপে ওঠে। যেকোনো মুহূর্তে এটি ভেঙে পড়তে পারে।সান্তাহার নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মোসলেম উদ্দীন বলেন, কালভার্ট ভেঙে যতক্ষণ প্রাণহানি না ঘটবে ততক্ষণ মনে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটি মেরামতের উদ্যোগ নেবে না। সান্তাহার পৌরসভার মেয়র ফিরোজ মো. কামরুল হাসান বলেন, কালভার্টটি পৌর এলাকায় হলেও এটি বগুড়া সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন। এটি মেরামতের জন্য বগুড়া সওজ বিভাগকে অবহিত করা হয়েছে। বিষয়টি নিয়ে বগুড়া সওজ বিভাগের এসডিই খন্দকার গোলাম মোস্তফার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কালভার্টটি মেরামতের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু বর্ষা এসে যাওয়ায় এর নির্মাণকাজ শুরু করা যাচ্ছে না।