বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাষ্ট্রপতি জিল্লুর রহমানের উদ্দেশে বলেছেন, নির্বাচন কমিশনের গঠন বিষয়ে সংলাপে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে এজেন্ডা রাখুন। এ বিষয়টির সমাধান ছাড়া আলোচনা ফলপ্রসূ হবে না। তিনি বলেন, ঘোড়ার আগে গাড়ি লাগালে কোনো লাভ হবে না। সংলাপকে ফলপ্রসূ করতে চাইলে আগে তত্ত্বাবধায়ক সরকারের সমস্যা সমাধান করুন, তারপরে নির্বাচন কমিশন বিষয়ে আলোচনা হবে। আজ রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় খালেদা জিয়া এসব কথা বলেন।খালেদা জিয়া অভিযোগ করে বলেছেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধকে বাণিজ্যে পরিণত করেছে। খালেদা জিয়া আওয়ামী ও সরকারের উদ্দেশে বলেন, আপনারা যদি জামায়াতে ইসলামীকে যুদ্ধাপরাধী বলেন, তবে এরশাদকে স্বাধীনতাবিরোধী বলা যায়। ১৯৭১ সালে তাঁর (এরশাদের) ভূমিকা খুঁজে দেখুন। তিনি স্বাধীনতার পক্ষের লোক নন। শিগগিরই যোগ্যদের দিয়ে ছাত্রদলের কমিটি করা হবে বলে জানান খালেদা জিয়া। ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিনের সভাপতিত্বে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বক্তব্য দেন।