ঘোড়ার লাদা ছোড়ার মতলব ভেস্তে
আসুন না একবার তাঁরা, কষে ঘোড়ার লাদা ছুড়ে মারবেন তিনি। ব্রিটিশ রাজপরিবারের উত্তরাধিকারী যুবরাজ চার্লস ও তাঁর স্ত্রী কামিলাকে অপদস্থ করার এই মতলব করেছিলেন নিউজিল্যান্ডের অকল্যান্ডের স্যাম ব্রাকানভ। আদালত তাঁর সে পথ রুদ্ধ করে দিয়েছেন। আজ মঙ্গলবার রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়।ছয় দিনের সফরে নিউজিল্যান্ড যাচ্ছেন চার্লস ও তাঁর স্ত্রী কামিলা। অকল্যান্ডেও যাওয়ার কথা তাঁদের। ব্রিটিশ রাজপরিবারের এই দুই সদস্যের নিউজিল্যান্ড সফরের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ হিসেবে তাঁদের লক্ষ্য করে ঘোড়ার লাদা ছোড়ার কথা ভেবেছিলেন ৭৬ বছর বয়সী ব্রাকানভ।তা জানতে পেরে গতকাল সোমবার তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। অকল্যান্ডের একটি আদালতে তাঁর বিরুদ্ধে এ-সংক্রান্ত অভিযোগও আনা হয়। অভিযোগের শুনানি শেষে ব্রাকানভকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন আদালত। জামিনের অন্যতম শর্ত হলো, অকল্যান্ড সফরের সময় চার্লস ও তাঁর স্ত্রী কামিলার কাছ থেকে কমপক্ষে ৫০০ মিটার দূরে থাকতে হবে ব্রাকানভকে। আর চলতি মাসের শেষের দিকে তাঁকে আবারও আদালতে হাজির হতে হবে। জামিন পেয়ে আদালতের বাইরে এসে ব্রাকানভ বলেন, গ্রেপ্তার না হলে ব্রিটিশ রাজপরিবারের বিরুদ্ধে তাঁর প্রতিবাদ হিসেবে চার্লস ও কামিলার ওপর ঘোড়ার লাদা ছুড়তেন তিনি। এর আগেও এ ধরনের কাণ্ড ঘটিয়েছেন ব্রাকানভ। ১৯৯৪ সালে যুবরাজ চার্লস নিউজিল্যান্ড সফর করেন। ওই সময় চার্লসের শরীর থেকে রাজপরিবারের গন্ধ দূর করতে তাঁর প্রতি এয়ারফ্রেশনার স্প্রে করেছিলেন ব্রাকানভ। এ জন্য জরিমানাসহ তাঁকে সাজা পেতে হয়েছিল।