ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে তিনটি ইউনিট বন্ধ
ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে আজ মঙ্গলবার আরও একটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষ সংস্কারের জন্য আজ ভোরে ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তিন নম্বর ইউনিটটি সাময়িকভাবে বন্ধ করে দেয়। এতে কেন্দ্রটির ছয়টি ইউনিটের মধ্যে এখন তিনটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। ফলে ঢাকার রামপুরা, জয়দেবপুর ও ঈশ্বরদী এলাকায় লোডশেডিংয়ের মাত্রা কিছুটা বাড়তে পারে বলে প্রকৌশলীরা ধারণা করছেন।গত ১৮ জুলাই টারবাইন জেনারেটরে আগুন লেগে ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ছয় নম্বর ইউনিট বন্ধ হয়ে যায়। আধুনিকায়নের জন্য প্রায় তিন মাস আগে ৫৫ মেগাওয়াট ক্ষমতার দুই নম্বর ইউনিটটিও বন্ধ রাখা হয়েছে। এ কারণে ৯৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ঘোড়াশাল তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে এখন ৩৯৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশল বিভাগ জানিয়েছে, যন্ত্রপাতি পুরোনো হয়ে যাওয়ায় কেন্দ্রের সবগুলো ইউনিট দিয়ে পুরোপুরি উৎপাদন হচ্ছে না। এর মধ্যে বেশ কিছুদিন ধরে তিন নম্বর ইউনিট দিয়ে পূর্ণমাত্রায় বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছিল না। তা ছাড়া প্রায়ই যান্ত্রিক সমস্যা দেখা দেয়। এদিকে সামনের রমজান মাসে বিদ্যুতের চাহিদা আরও বেড়ে যাবে বলে কর্তৃপক্ষ রমজানের আগেই সংস্কারের সিদ্ধান্ত নেয়। মূলত এ কারণেই তিন নম্বর ইউনিট বন্ধ করে দেওয়া হয়।বর্তমানে এ কেন্দ্র থেকে ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এক নম্বর ইউনিট থেকে ৪৫ মেগাওয়াট, ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন চার নম্বর ইউনিট থেকে ১৭০ মেগাওয়াট, ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পাঁচ নম্বর ইউনিট থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।