ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রের আরো ১টি ইউনিট বন্ধ
ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ৯৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৫ ও ৬ নং ইউনিটের (৪ কেভি) সঞ্চালন লাইনে অগ্নিকান্ডের ফলে আজ রোববার বেলা সাড়ে ১২ টার দিকে ২১০ মেগাওয়াট সম্পন্ন ৫ নং ইউনিটটি বন্ধ হয়ে যায়। তবে ঘোড়াশাল কেন্দ্রের প্রধান প্রকৌশলী তমাল চক্রবর্তী বলেছেন, অগ্নিকাণ্ড কেন হয়েছে তা তাঁরা জানতে পারেননি। দমকল বাহিনী বেলা পৌনে ২ টার দিকে আগুন নিয়ন্ত্রনে এনেছে। ঘোড়াশাল কেন্দ্রের প্রধান প্রকৌশলী তমাল চক্রবর্তী আরো জানান, ৬ টি ইউনিটের মধ্যে গতকাল শনিবার গভীর রাতে যান্ত্রিক ক্রটি দেখা দিলে ৩ দিনের জন্য ২১০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৪ নং ইউনিটটি বন্ধ করা হয়। ৫৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ১ ও ২১০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৩ নং ইউনিটে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ২৪০ মেগাওয়াট। উল্লেখ্য ৫৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ২ নং ইউনিট আধুনিকায়নের জন্য গত ৫ মাস আগে থেকে এবং অগ্নিকাণ্ডের টারবাইন জেনারেটরে আগুন লাগার পর ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন্ন ৬ নং ইউনিটে গত ১৮ জুলাই থেকে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ আছে।