ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্র ফের অগ্নিকাণ্ড, ৩ কর্মী আহত
ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ নম্বর ইউনিটে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় বিদ্যুতের তিনজন কর্মী অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আজ সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে ৬ নম্বর ইউনিটে দুইবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, ১৮ জুলাই ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৬ নম্বর ইউনিটের টারবাইন জেনারেটরে আগুন লেগে বিদ্যুত্ উত্পাদন বন্ধ হয়ে যায়। এর পর থেকে প্রকৌশলীরা মেরামতকাজ শুরু করেন। আর আজ সকাল ১০টার দিকে উচ্চ ক্ষমতাসম্পন্ন সার্কিট ব্রেকারে কাজ করার সময় ফ্লাসিং হয়ে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার সময় তিন কর্মী গুরুতর আহত হন।বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী তমাল চক্রবর্তী জানান, অগ্নিকাণ্ডে ৬ নম্বর ইউনিট বন্ধ হয়ে যাওয়ার পর থেকে ইউনিটটি দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়। এ কারণে প্রকৌশলীরা দিনরাত কাজ করছিলেন। আজ ওই ইউনিটের সার্কিট ব্রেকারে কাজ করার সময় ফ্লাসিং হয়ে আগুনের সূত্রপাত ঘটে। এ ঘটনায় আহত কর্মীদের উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।এদিকে, গত শনিবার সকালে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৪ নম্বর ইউনিটটি আজ সচল হয়েছে। ওই ইউনিট দিয়ে বর্তমানে পূর্ণমাত্রায় বিদ্যুৎ উত্পাদিত হচ্ছে বলে জানা গেছে।এ ছাড়া গত রোববার ভোরে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া ৬৪ মেগাওয়াট ক্ষমতার ১ নম্বর ইউনিট, ৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন জিটি ১ ও ৩৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এসটি আবারও সচল হয়েছে। কেন্দ্রের নিজস্ব প্রকৌশলীরা আজ ভোরে ওই তিনটি ইউনিট মেরামত করে বিদ্যুৎ উত্পাদন করতে সক্ষম হন। তবে এই তিনটি ইউনিটে এখনো পূর্ণমাত্রায় বিদ্যুৎ উত্পাদন হচ্ছে না বলেও জানিয়েছে বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশল বিভাগ।