ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের দরপ্রস্তাব ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘোড়াশালে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট গ্যাস টারবাইন পিকিং বিদ্যুৎকেন্দ্রের দরপ্রস্তাব অনুমোদন দেয়নি সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি আবারও দরপত্র মূল্যায়ন কমিটির বিবেচনার জন্য ফেরত পাঠানো হয়েছে।‘সরকারি খাতে ৮২০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎকেন্দ্র নির্মাণ’ প্রকল্পের আওতায় ঘোড়াশালে এ কেন্দ্রটি নির্মাণের প্রস্তাব ছিল। এর আগে আরও দুবার ক্রয় কমিটির বৈঠকে এ দরপ্রস্তাব তোলা হয়েছিল। একবার অনুমোদন করা হলেও পরেরবার অযোগ্যতার কারণে তা বাতিল করা হয়।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, ঘোড়াশালের বিদ্যুৎকেন্দ্রটি খুবই গুরুত্বপূর্ণ। ক্রয় কমিটির বৈঠকে তা অনুমোদিত হয়নি। অনেক দিন থেকেই এটি ঝুলে আছে।অর্থমন্ত্রী বলেন, আগে একবার সিদ্ধান্ত নেওয়া হলেও তা যথাযথ ছিল না। তবে আগামী আগস্টের দিকে দরপ্রস্তাবটি অনুমোদনের সম্ভাবনা রয়েছে। যোগ্যতা না থাকা সত্ত্বেও সরকারের একজন মন্ত্রীর মালিকানাধীন কোম্পানির সঙ্গে এ প্রকল্পের দরদাতার যোগসাজশ রয়েছে, এ প্রসঙ্গে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। তবে এটুকু বলতে পারি, মান যাচাই-বাছাই করেই অনুমোদন দেওয়া হবে।’বৈঠকে রেলপথ বিভাগের জন্য চারটি আলাদা ঠিকাদার নিয়োগের দরপ্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এগুলো হলো: ১০৫ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ রেলওয়ের লাকসাম-চাঁদপুর সেকশনের পুনর্বাসন প্রকল্প, ৪২৬ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে ২০ সেট মিটারগেজ ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট ক্রয়, এক হাজার ৩০১ কোটি টাকা ব্যয়ে ঢাকা-চট্টগ্রাম রেলপথ উন্নয়ন প্রকল্পের একটি উপপ্রকল্প এবং ২২৮ কোটি টাকা ব্যয়ে ভারতীয় ঋণ চুক্তির ১০টি বিজি ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ কেনা।ঘোড়াশালের প্রকল্পটি অনুমোদিত না হলেও বিদ্যুৎ বিভাগের অন্য দুটি প্রকল্প অনুমোদন দেওয়া হয় বৈঠকে। এর একটি ২৬ কোটি টাকা ব্যয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আইডিএ ঋণচুক্তির ৪০ লাখ ৭৫ হাজার কমপ্যাক্ট ফ্লুরসেন্ট ল্যাম্প (সিএফএল) ক্রয়। অন্যটি বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন নীতিমালার আওতায় কালিয়াকৈরে ১০০ থেকে ১৫০ মেগাওয়াট ডুয়েল ফুয়েল বিদ্যুৎ প্রকল্পের স্পন্সর নিয়োগ।বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে জ্বালানি তেল আমদানির তিনটি দরপ্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় পর্যায়ে এগুলো আমদানি করা হবে। এগুলো হলো: সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে জুলাই-ডিসেম্বর প্রান্তিকে এক লাখ ৫০ হাজার টন গ্যাস অয়েল ও ৮০ হাজার টন ফার্নেস অয়েল, একই প্রান্তিকে কুয়েত থেকে ছয় লাখ ৪০ হাজার টন গ্যাস অয়েল ও এক লাখ ৭০ হাজার টন জেট এ-১ এবং মিসরের সঙ্গে বিদ্যমান চুক্তির আওতায় জুলাই-ডিসেম্বর প্রান্তিকে আমদানিতব্য তেলের প্রিমিয়াম বিবেচনা। এ ছাড়া শিল্প মন্ত্রণালয়ের অধীনে ইউএই থেকে ১৪ হাজার টন ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।এ ছাড়া ১০৩ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের বহদ্দারহাট থেকে তৃতীয় কর্ণফুলী সংযোগ পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণ এবং জাইকা ও সরকারের অর্থায়নে ২২৬ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম স্টেশন রিমডেলিং প্রকল্পের দরপ্রস্তাবও ক্রয় কমিটির বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে।