ঘড়ির কাঁটা এগিয়ে আনলেও ঘোষিত সময়ে পরীক্ষা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ঘোষাণা অনুযায়ী ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনা হলে এইচএসসি ও সমমানের সকালের পরীক্ষা ১০টায় এবং বিকেলের পরীক্ষা দুইটায় শুরু হবে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল রোববার ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে ১ এপ্রিল থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাবিষয়ক এক সভায় এ কথা বলেছেন।এদিকে ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের নির্দেশ মোতাবেক ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিটে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনা হলে পরীক্ষার্থী ও অভিভাবকদের যথাসময়ে ঘড়ির কাঁটা পরিবর্তন করে নিতে হবে। অন্যথায় তাঁরা বিভ্রান্ত হতে পারেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার সময়সূচিতে উল্লেখ করা সময় অনুযায়ী পরীক্ষা শুরু হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।ঢাকা বোর্ডে অনুষ্ঠিত গতকালের সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এইচএসসি পরীক্ষার পরিবেশ হবে সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দময়। তিনি নকল করে পাস করার চিন্তাভাবনাকারী পরীক্ষার্থীদের পরীক্ষার হলে না আসার পরামর্শ দেন এবং সব এলাকায় জনপ্রতিনিধি ও রাজনীতিবিদদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।ঢাকা শিক্ষা্রবোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন সভায় সভাপতিত্ব করেন। আগামী ১ এপ্রিল থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষায় ১০টি শিক্ষা বোর্ডের অধীনে সাত হাজার ১৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট সাত লাখ ৩২ হাজার ৪৫৭ জন পরীক্ষার্থী অংশ নেবে। এদের মধ্যে তিন লাখ ৯৭ হাজার ৪১৮ জন ছাত্র এবং তিন লাখ ৩৫ হাজার ৩৯ জন ছাত্রী।