৩১ মার্চ মধ্যরাত থেকে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগোচ্ছে না। সরকার ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনার নতুন দিনক্ষণ নির্ধারণের উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্ট সরকারি সূত্র জানিয়েছে, প্রতিবছর ৩১ মার্চের পরিবর্তে এপ্রিল মাসের প্রথম বৃহস্পতি কিংবা শুক্রবার মধ্যরাত থেকে ঘড়ির কাঁটা এগিয়ে আনার নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। জানা গেছে, এ বছরের ৩১ মার্চ মধ্যরাত থেকে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে দেওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে পরের দিনটি। কেননা, ১ এপ্রিল বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস। এ ছাড়া ওই দিন থেকেই শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা। সরকার মনে করছে, ঘড়ির কাঁটা যেদিন রাতে এক ঘণ্টা এগিয়ে দেওয়া হবে, তার পরদিন সকালেই ওই নতুন সময় অনুযায়ী সব কাজকর্ম শুরু করতে অনেকের পক্ষেই অসুবিধা হতে পারে।কয়েক দিন আগে দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সার্কুলার দিয়ে পরীক্ষা শুরুর আগের রাতে ঘড়ির কাঁটা এগিয়ে আনার বিষয়ে সব শিক্ষার্থী ও অভিভাবককে সচেতন করার জন্য বলা হয়েছিল। পরে সরকারের নতুন বিবেচনার কথা জানতে পেরে পরবর্তী সার্কুলার দিয়ে বলা হয়, এ বিষয়ে সরকারি সিদ্ধান্ত চূড়ান্ত হলেই সবাইকে জানানো যাবে।ঘড়ির কাঁটা এগিয়ে আনা সম্পর্কে জানতে চাইলে বিদ্যুৎসচিব মো. আবুল কালাম আজাদ গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, আগামী সপ্তাহে বিষয়টি নিয়ে আলোচনা হবে। ঘড়ির কাঁটা এগিয়ে আনা বা পেছানোর জন্য কোনো একটি দিন নির্ধারণ না করে এপ্রিল মাসের প্রথম সাপ্তাহিক ছুটির দিনের আগের রাত এবং নভেম্বর মাসের প্রথম সাপ্তাহিক ছুটির দিনের আগের রাত নির্ধারণ করার বিষয়ে ভাবা হচ্ছে। দিনের আলো বেশি ব্যবহার করে সর্বোচ্চ চাহিদার সময় (পিক আওয়ার) বিদ্যুত্ ও জ্বালানি সাশ্রয়ের জন্য এ দেশে প্রথম গত বছরের ১৯ জুন দিবাগত রাত ১১টায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে ১২টা করা হয়েছিল। গত ৩১ ডিসেম্বর দিবাগত রাত ১১টা ৫৯ মিনিটে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে ১০টা ৫৯ মিনিট করে আগের সময় বহাল করা হয়েছে। পৃথিবীর যেসব দেশে দিনের আলো বেশি ব্যবহারের জন্য গ্রীষ্মে ঘড়ির কাঁটা এগিয়ে দেওয়া হয়, সেসব দেশে শীতের শুরুতেই, সাধারণভাবে ৩১ অক্টোবর তা আবার পিছিয়ে এনে আগের সময় বহাল করা হয়। না হলে শীতকালে এমনিতেই দিনের দৈর্ঘ্য কম হওয়ায় মানুষের দৈনন্দিন কাজে দুর্ভোগে পড়তে হয়।কিন্তু সরকার গত বছরের ১৯ জুন ঘড়ির কাঁটা এগিয়ে দিয়ে সারা বছরই তা অব্যাহত রাখার চেষ্টা করে। এতে শীতকালে স্কুল-কলেজের সময়সূচি এবং দৈনন্দিন কাজকর্ম থেকে শুরু করে মানুষের জীবনযাপনে সমস্যা দেখা দেওয়ায় সারা দেশে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। শেষ পর্যন্ত গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সরকার ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে আগের সময় বহাল করার সিদ্ধান্ত নেয়।ওই সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিবছর ৩১ মার্চ রাত ১০টা ৫৯ মিনিটে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে দিয়ে রাত ১১টা ৫৯ মিনিট করার কথা, যা ৩১ অক্টোবর পর্যন্ত বহাল থাকার কথা ছিল। এই পুরো সময়ে গ্রিনিচ মান সময়ের সঙ্গে সাত ঘণ্টা যোগ করে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের সময় গণনা বা নির্ধারণ করার কথাও বলা হয়েছিল।এরপর ৩১ অক্টোবর দিবাগত রাত ১১টা ৫৯ মিনিটে আবার ঘড়ির কাঁটা এক ঘন্টা পিছিয়ে ১০টা ৫৯ মিনিট করার কথা ছিল, যা পরবর্তী ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকার কথা। এ সময় গ্রিনিচ মান সময়ের সঙ্গে ছয় ঘণ্টা যোগ করে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের সময় গণনা বা নির্ধারণ করার কথা বলা হয়েছিল মন্ত্রিসভার সিদ্ধান্তে। কিন্তু এখন আবার তা পরিবর্তন করে নতুন দিনক্ষণ নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।বাংলাদেশে মূলত বিদ্যুত্ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে এ ব্যবস্থা প্রবর্তন করা হলেও ওই উদ্দেশ্য কতটা সফল হয়েছে, তা নিয়ে প্রশ্ন আছে। তবে এ ব্যবস্থায় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার সময় কিছুটা সম্প্রসারিত হওয়ায় বিদ্যুত্ ও জ্বালানি সরবরাহ করার ক্ষেত্রে কর্তৃপক্ষ কিছুটা সুবিধা পেয়েছে বলে দাবি করে থাকে। যদিও এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি তারা।