ঘড়ির কাঁটা পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল
প্রতিদিন প্রায় ২০০ মেগাওয়াট বিদ্যুৎসাশ্রয়ের সম্ভাবনা থাকা সত্ত্বেও জনদুর্ভোগের বিষয় বিবেচনা করে ঘড়ির কাঁটা পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল করেছে সরকার। গতকাল সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে আগামী এপ্রিল মাস থেকে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনার ব্যাপারে মন্ত্রিসভার আগের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না।সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে গতকালের মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস-সচিব আবুল কালাম আজাদ সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। ঘড়ির কাঁটা এগিয়ে আনার সিদ্ধান্তের বিরোধিতা করছিলেন স্কুলগামী শিশুদের অভিভাবক, তথ্য-প্রযুক্তি খাতের ব্যক্তিসহ নানা মহল। এ নিয়ে পত্রপত্রিকায় বেশ লেখালেখিও হয়।দিনের আলোর ব্যবহার বাড়িয়ে বিদ্যুৎও জ্বালানি সাশ্রয়ের জন্য দেশে প্রথমবারের মতো নেওয়া এ পদক্ষেপের সুফল মিললেও জনদুর্ভোগের কথা বিবেচনা করে আগের সিদ্ধান্ত বাতিল করা হয় বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। তবে সেই সুফল কী এবং কতটা, সরকারের কোনো সংস্থার পক্ষ থেকে কখনোই তা স্পষ্ট করে বলা হয়নি। সরকারের আগের সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ মার্চ মধ্যরাতে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে নেওয়া এবং ১ অক্টোবর তা আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। গত বছর ১৯ জুন দেশে প্রথমবারের মতো ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে এনে দিনের আলো বেশিক্ষণ ব্যবহার করার মাধ্যমে বিদ্যুৎও জ্বালানি সাশ্রয়ের পদ্ধতি চালু করা হয়েছিল। ৩১ অক্টোবর তা আবার পূর্বাবস্থায় ফিরিয়ে আনার কথা থাকলেও সরকার তা না করে সারা বছরই ওই সময় চালু রাখার চেষ্টা করেছিল।এর ফলে শীতের দিনে জনদুর্ভোগজনিত জনক্ষোভ তুঙ্গে ওঠায় সরকার শেষ পর্যন্ত ৩১ ডিসেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে আগের সময় বহাল করে। এ সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, প্রতিবছর ৩১ মার্চ ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে এবং ৩১ অক্টোবর রাতে আবার এক ঘণ্টা পিছিয়ে দিয়ে সময় হিসাব করা হবে। কিন্তু বিষয়টি অত্যন্ত অজনপ্রিয় হওয়ায় এবং তা বুঝতে পারায় গতকাল পুরো বিষয়টিই পরিত্যাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ প্রসঙ্গে সংবাদ ব্রিফিংয়ে আবুল কালাম আজাদ বলেন, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, বছরে দুইবার ঘড়ির কাঁটা বদলানোর কথা ছিল। কিন্তু জনদুর্ভোগের কথা বিবেচনা করে, বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীদের অসুবিধার কথা চিন্তা করে প্রধানমন্ত্রী আগের সিদ্ধান্ত বাতিল করেন। তিনি বলেন, ঘড়ির কাঁটা এগিয়ে আনায় ২০০ মেগাওয়াট বিদ্যুৎসাশ্রয় হয়েছিল। এখন তা বাতিল করা হলেও প্রধানমন্ত্রী বিদ্যুৎব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।আবুল কালাম আজাদ ব্রিফিংয়ে জানান, বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন যে বর্তমান বিদ্যুৎসংকটের জন্য বিএনপি-জামায়াত জোট সরকার দায়ী। কেননা, ক্ষমতায় থেকে তারা এক মেগাওয়াটও বিদ্যুৎউত্পাদন করতে পারেনি। যে কারণে বর্তমান সরকারকে সমস্যায় পড়তে হচ্ছে। তবে বিদ্যুৎসমস্যা সমাধানে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।