ঘড়ির কাঁটা পিছিয়ে আগের সময় বহাল
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১১টা ৫৯ মিনিটে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে ১০টা ৫৯ মিনিট করে আগের সময় বহাল করা হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, গ্রীষ্মকালে দিনের আলো বেশি ব্যবহার করে সর্বোচ্চ চাহিদার সময় (পিক আওয়ার) বিদ্যুত্ ও জ্বালানি সাশ্রয়ের জন্য গত ১৯ জুন রাত ১১টায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে ১২টা করা হয়েছিল। পৃথিবীর যেসব দেশে দিনের আলো বেশি ব্যবহারের জন্য গ্রীষ্মে ঘড়ির কাঁটা এগিয়ে দেওয়া হয়, সেসব দেশে শীতের শুরুতেই সাধারণভাবে ৩১ অক্টোবর তা আবার পিছিয়ে এনে আগের সময় বহাল করা হয়। না হলে শীতকালে এমনিতেই দিনের দৈর্ঘ্য কম হওয়ায় মানুষের দৈনন্দিন কাজে দুর্ভোগে পড়তে হয়।কিন্তু সরকার ১৯ জুন ঘড়ির কাঁটা এগিয়ে দিয়ে সারা বছর তা অব্যাহত রাখার এক প্রয়াস চালিয়েছিল। শেষ পর্যন্ত গত মঙ্গলবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে আগের সময় বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়।ওই সিদ্ধান্ত অনুযায়ী, গ্রীষ্মকালে দিনের আলোর সর্বোচ্চ ব্যবহারের জন্য এখন প্রতিবছর ৩১ মার্চ রাত ১০টা ৫৯ মিনিটে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে দিয়ে রাত ১১টা ৫৯ মিনিট করা হবে। এ সময় ৩১ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে। এ পুরো সময়ে গ্রিনিচ মান সময়ের সঙ্গে সাত ঘণ্টা যোগ করে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের সময় গণনা বা নির্ধারণ করতে হবে।এরপর ৩১ অক্টোবর দিবাগত রাত ১১টা ৫৯ মিনিটে আবার ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে ১০টা ৫৯ মিনিট করা হবে, যা ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে। এ সময় গ্রিনিচ মান সময়ের সঙ্গে ছয় ঘণ্টা যোগ করে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের সময় গণনা বা নির্ধারণ করতে হবে।বাংলাদেশে মূলত বিদ্যুত্ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে এ ব্যবস্থা প্রবর্তন করা হলেও ওই উদ্দেশ্য কতটা সফল হয়েছে, তা নিয়ে প্রশ্ন আছে। তবে এ ব্যবস্থায় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার সময় কিছুটা সম্প্রসারিত হওয়ায় বিদ্যুত্ ও জ্বালানি সরবরাহ করার ক্ষেত্রে কর্তৃপক্ষ কিছুটা সুবিধা পেয়েছে।