চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান আবদুচ ছালামের বিরুদ্ধে গতকাল রোববার ডাকা কর্মচারী লীগের সমাবেশ পুলিশের বাধার মুখে পণ্ড হয়ে গেছে। চউক শাখা কর্মচারী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে এ সমাবেশ ডাকা হয়েছিল।জানা গেছে, বিকেলে ওই কর্মসূচি শুরু করতে চাইলে পুলিশ শ্রমিক লীগ ও অন্যান্য সংগঠনের নেতা-কর্মীদের চউক ভবনের আঙিনা থেকে বের করে দেয়। শ্রমিক লীগের ছোট ছোট দুটি মিছিল পুলিশ চউকে ঢুকতে দেয়নি। পুলিশের বাধার কারণে শ্রমিকনেতারা শেষ পর্যন্ত চউক ভবনের ফটকে পথসভা করেন। সভায় অবিলম্বে হাবিবুর রহমানের বদলির আদেশ প্রত্যাহার করার দাবি জানানো হয়। অন্যথায় চউক ভবন ঘেরাও করার ঘোষণা দেন শ্রমিক লীগের নেতারা।চউক কর্মচারী লীগের সভাপতি বিমান বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য দেন কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মনসুর, চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হক, চট্টগ্রাম বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, শ্রমিক লীগের ওয়াসা শাখার সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।জানা গেছে, সমাবেশে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী ইনামুল হকসহ জ্যেষ্ঠ নেতাদের উপস্থিত থাকার কথা ছিল। তবে শেষ পর্যন্ত তাঁদের কেউই সেখানে যাননি। চউক চেয়ারম্যান মো. আবদুচ ছালামও গতকাল ঢাকায় ছিলেন।জ্যেষ্ঠ নেতারা ঘোষণা দিয়েও কেন শেষ মুহূর্তে সমাবেশে আসেননি, জানতে চাইলে চউক কর্মচারী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, ‘আসলে আমরা শেষ দিকে শ্রমিক সমাবেশের উদ্যোগ নিয়েছি। এ জন্য শুধু শ্রমিক নেতারা এসেছিলেন।’জানা যায়, বিকেল থেকে চউক কর্মচারী লীগের কয়েকজন সদস্য চউক ভবনের উঠানে ব্যানার টানিয়ে সমাবেশের প্রস্তুতি নেন। সমাবেশ শুরুর আগে পুলিশ এসে তাঁদের বাধা দেয়। এ সময় শ্রমিকরা চউক চেয়ারম্যানের বিরুদ্ধে স্লোগান দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের থামিয়ে দেয়। কোতোয়ালি থানা পুলিশের টহল পরিদর্শক নজরুল ইসলাম বলেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে নেতাদের চউক ভবনের উঠানে সমাবেশ করতে দেওয়া হয়নি।