চউকের সদস্যসহ ২৭ জনের বিরুদ্ধে আরও ৯ মামলা
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) সদস্য ও ১৭ কর্মকর্তাসহ ২৭ জনের বিরুদ্ধে গতকাল সোমবার চান্দগাঁও থানায় আরও নয়টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৭ কর্মকর্তা ছাড়া বাকি সবাই ঠিকাদার। এসব মামলায় আসামিদের বিরুদ্ধে সরকারের ৫৩ লাখ ৭০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এর আগে গত রোববার ১৩ জন কর্মকর্তা ও ১৩ জন ঠিকাদারের বিরুদ্ধে ১৩টি মামলা করেছিল দুদক। এতে এক কোটি ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।গতকাল দায়ের করা নয় মামলার বাদী হলেন দুদকের উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেন, সহকারী পরিচালক মো. রফিকুজ্জামান, রফিকুল ইসলাম, উপসহকারী পরিচালক সইফুল্লাহ মো. এমরান ও খলিলুর রহমান। মামলার আসামিরা হলেন চউকের পরিচালনা বোর্ডের সদস্য ইউনুস গণি চৌধুরী, প্রধান প্রকৌশলী ইকবাল হোসেন মজুমদার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুর হোসেন, নির্বাহী প্রকৌশলী এ এ এম হাবিবুর রহমান, মো. মনজুর হাসান, নুরুল আলম, সহকারী প্রকৌশলী নুরুল আমিন ভূঁইয়া, মোহাম্মদ ইলিয়াস, ইলিয়াস আখতার, উপসহকারী প্রকৌশলী ওসমান সিকদার, হামিদুল হক, অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ নাজের, এস্টিমেটর সৈয়দ গোলাম সরওয়ার, রূপন কুমার চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জসিম উদ্দিন চৌধুরী, নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোহাম্মদ হাসান ও রাজীব দাশ। সর্বশেষ এই নয় মামলায় আগের দিনের ১৩ কর্মকর্তা-প্রকৌশলীর সঙ্গে চউকের আরও চার প্রকৌশলীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে মামলার আসামি ১০ জন ঠিকাদারই নতুন। তাঁরা হলেন জসিম উদ্দিন, মোহাম্মদ বশর, সৈয়দ মো. জহিরুল হক, ইউনুস গণি চৌধুরী, ওয়াহিদুজ্জামান, রফিকুল ইসলাম, শামসুল আলম, মো. আবদুস সালাম, নেজাম উদ্দিন ও খালেদ বিন আলম। তাঁদের মধ্যে ইউনুস গণিকে বর্তমান সরকারের আমলে চউকের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাঁর প্রতিষ্ঠানের নাম বিল্ড টেক অ্যাসোসিয়েটস।ইউনুস গণি বলেন, ‘ওই কাজে আমি সংশ্লিষ্ট ছিলাম না। আমাদের দলের এক ছেলেই আমার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে কাজ করেছিল। কিন্তু অভিযোগ যখন ওঠেছে, দায়ভার আমাকেই নিতে হচ্ছে।’ তিনি বলেন, ‘আমার প্রতিষ্ঠানের নামে ২৯ লাখ টাকার কার্যাদেশ দিয়ে সিডিএ মাত্র ১৪ লাখ টাকা পরিশোধ করেছে। এর পরও কোথায় দুর্নীতি হয়েছে, তা বুঝতে পারছি না।’চট্টগ্রাম দুদকের উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেন বলেন, ওই সড়ক উন্নয়ন ও মেরামত কাজের সঙ্গে যাঁরাই সংশ্লিষ্ট ছিলেন, তাঁদের সবাইকে মামলার আসামি করা হয়েছে। পরে তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করা হবে।চউকের চেয়ারম্যান মো. আবদুচ ছালাম প্রথম আলোকে বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। আসামিরা নির্দোষ হলে তাঁরা আদালতে তা প্রমাণ করবেন। চউকের সদস্য মামলার আসামি হওয়া প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে করণীয় সম্পর্কে কাগজে-কলমে যা আছে, তা অনুসরণ করা হবে।মামলার অভিযোগে বলা হয়, নগরের কালুরঘাট এফআইডিসি থেকে কালুরঘাট সেতু পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়ক লটে উন্নয়ন ও মেরামত কাজ দেখানো হয়। এর মধ্যে একটি ছাড়া প্রতিটি লটে একজন ঠিকাদার কাজ করেন। একটি লটে কেবল দুজন ঠিকাদার কাজ করেন। কিন্তু কাজ না করে ঠিকাদার ও চউকের কর্মকর্তারা পরস্পর যোগসাজশে অর্থ আত্মসাৎ করেন।