চউকের ১৩ কর্মকর্তাসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে একটি সড়ক সংস্কারের নামে এক কোটি ২১ লাখের বেশি টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) ১৩ কর্মকর্তা ও ১৩ ঠিকাদারের বিরুদ্ধে ১৩টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন—দুদক। গতকাল রোববার চান্দগাঁও থানায় এসব মামলা করা হয়। দুদক চট্টগ্রাম জেলার উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেন, সহকারী পরিচালক মো. রফিকুজ্জামান, রফিকুল ইসলাম, উপসহকারী পরিচালক সাইফুল্লাহ মো. এমরান ও খলিলুর রহমান বাদী হয়ে এসব মামলা করেন।মামলার আসামিদের মধ্যে আছেন, চউকের প্রধান প্রকৌশলী ইকবাল হোসেন মজুমদার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর হোসেন, নির্বাহী প্রকৌশলী এ এ এম হাবিবুর রহমান, মো. মনজুর হাসান, নূরুল আলম, সহকারী প্রকৌশলী নূরুল আমিন ভূঁইয়া, মোহাম্মদ ইলিয়াস, ইলিয়াস আখতার, উপসহকারী প্রকৌশলী ওসমান সিকদার, হামিদুল হক, অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ নাজের, এস্টিমেটর সৈয়দ গোলাম সরওয়ার ও রূপন কুমার চৌধুরী। প্রত্যেক মামলায় এই ১৩ কর্মকর্তাকে আসামি করা হয়। তবে ১৩ জন ঠিকাদারের মধ্যে একেকজনকে একেক মামলায় আসামি করা হয়েছে।মামলার আসামি ঠিকাদারেরা হলেন মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. ইয়াকুব চৌধুরী, আবদুস সালাম, নূরুল আলম, মুনতাসির মামুন, মোহাম্মদ আমান, এ কে এম জসিম উদ্দিন, মো. সালেহ জহুর, নাসির উদ্দিন, মোহাম্মদ মাসুদ, কাজী বেলাল উদ্দিন, নূর মোহাম্মদ ও নিতাইপদ চৌধুরী। মামলার অভিযোগে বলা হয়, ২০০৬-০৭ অর্থবছর থেকে পরবর্তী দুই বছরে এফআইডিসি থেকে কালুরঘাট সেতু পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়ক উন্নয়ন ও মেরামতকাজ শুরু হয়। এর ব্যয় ধরা হয় সাত কোটি টাকা। কিন্তু কাজ না করে প্রকৌশলী ও ঠিকাদারেরা পরস্পর যোগসাজশে এক কোটি ২১ লাখ ৫৮ হাজার ৩২২ টাকা আত্মসাৎ করেন—যা দণ্ডবিধির ৪০৯, ১০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধ হিসেবে গণ্য। চট্টগ্রাম দুদকের উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘২০০৮ সালে ঠিকাদারেরা কাজ শেষ করে চউকের সংশ্লিষ্ট প্রকৌশলীদের বুঝিয়ে দেন। এরপর ঠিকাদারদের বিলও পরিশোধ করা হয়। কিন্তু দুদক তদন্ত শুরু করলে প্রকৌশলী ও কর্মকর্তারা তড়িঘড়ি করে সংশ্লিষ্ট কাজের পরিমাপ বইয়ে (এমবি) কাটাকাটি করে কাজের পরিমাণ কম দেখিয়ে চার কোটি টাকা সরকারের তহবিলে ফেরত দেন। এরপরও আমরা তদন্ত করে এক কোটি ২১ লাখ টাকার অনিয়ম পাই। প্রকল্পটির ব্যয় সাত কোটি টাকা ধরা হয়েছিল।’চউকের প্রধান প্রকৌশলী ইকবাল হোসেন বলেন, ‘আমাদের বিরুদ্ধে সিডিএর কিছু লোক ষড়যন্ত্র শুরু করেছে। দুদকের মামলা এই ষড়যন্ত্রেরই অংশ। দুদকের যেসব কর্মকর্তা আমাদের কাজের তদন্ত করেছেন তাঁরা এসব কাজই বোঝেন না। তাঁরা ভিত্তিহীন অভিযোগ দিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করছেন।’