চউকের ২৯ প্রকৌশলীর ২২ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) প্রকৌশলী ২৯ জন। তাঁদের মধ্যে ২২ জনই বিভিন্ন দুর্নীতি মামলার আসামি। নিয়ম অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে মামলা হলে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়। অথচ তাঁদের বিরুদ্ধে চউক কোনো ব্যবস্থা নেয়নি, বরং তাঁদের কারও কারও পদোন্নতি হয়েছে।দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার আসামিরা হলেন প্রধান প্রকৌশলী ইকবাল হোসেন মজুমদার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুর হোসেন, কাজী হাসান বিন শামস, মো. জসিম উদ্দিন চৌধুরী, নির্বাহী প্রকৌশলী এ এ এম হাবিবুর রহমান, মো. মনজুর হাসান, আশরাফুল ইসলাম, মো. নুরুল আলম, আশরাফুল ইসলাম, শাহাবুদ্দিন খালেদ, আ হ ম মিজবাহ উদ্দিন, ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী ইলিয়াস আখতার ও নুরুল আমিন ভূঁইয়া।সহকারী প্রকৌশলীদের মধ্যে আছেন মোহাম্মদ ইলিয়াস, মাহফুজুর রহমান, ইলিয়াস আখতার, মোহাম্মদ হাসান, রাজীব দাশ। উপসহকারী প্রকৌশলীদের মধ্যে আছেন হামিদুল হক, ওসমান সিকদার। এস্টিমেটরদের মধ্যে আছেন সৈয়দ গোলাম সরওয়ার ও রূপন কুমার চৌধুরী। তাঁদের মধ্যে তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুর হোসেন ইতিমধ্যে অবসর প্রস্তুতিকালীন ছুটিতে গেছেন।চউক সূত্রে জানা গেছে, দুর্নীতির মামলা দায়েরের পর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইকবাল হোসেন প্রধান প্রকৌশলী, কাজী হাসান বিন শামস নির্বাহী প্রকৌশলী থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং নুরুল আমিন ভূঁইয়া সহকারী প্রকৌশলী থেকে নির্বাহী প্রকৌশলী হিসেবে পদোন্নতি পান। চউকের চেয়ারম্যান মো. আবদুচ ছালাম প্রথম আলোকে বলেন, ‘আগের মামলা সম্পর্কে আমি কিছু জানি না। নতুন মামলা সম্পর্কে আমি সোমবার শুনেছি। মঙ্গলবার সরকারি ছুটি গেছে। এরপর আজ বুধবার প্রধানমন্ত্রী চট্টগ্রাম আসছেন। সব মিলিয়ে আমরা ব্যস্ত। কাল-পরশুর মধ্যে আমরা এ ব্যাপারে একটি সিদ্ধান্ত নেব।’চউক সূত্র জানায়, প্রধান প্রকৌশলী ইকবাল হোসেন বর্তমানে ২৩টি মামলার প্রধান আসামি। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক প্রকৌশলী থাকাকালে অক্সিজেন কুয়াইশ সড়ক উন্নয়ন ও মেরামত কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তিনিসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলার অন্য আসামিরা হলেন ওই প্রকল্পের পরিচালক ও তৎকালীন নির্বাহী প্রকৌশলী কাজী হাসান বিন শামস, সহকারী প্রকৌশলী নুরুল আমিন, মোহাম্মদ ইলিয়াস, উপসহকারী প্রকৌশলী হামিদুল হক ও এস্টিমেটর গোলাম সরওয়ার। ওই মামলার বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে আপিল করেন। তবে হাইকোর্ট আপিল খারিজ করে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে সিডিএকে নির্দেশ দেন। হাইকোর্টের নির্দেশনা সত্ত্বেও চউকের এসব প্রকৌশলীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো ইকবাল হোসেন, কাজী হাসান বিন শামস ও নুরুল আমিন পদোন্নতি পান। অবশ্য নুরুল আমিন ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন। পদোন্নতির আগে তত্ত্বাবধায়ক সরকারের শেষ দিকে এ তিন প্রকৌশলী সত্য ও জবাবদিহিতা (ট্রুথ) কমিশনে গিয়ে নিজেদের অপরাধও স্বীকার করেন।ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমাদের বিরুদ্ধে থানায় কেবল এফআইআর হয়েছে। এটা চূড়ান্ত কিছু নয়। মামলা তো যে কেউই করতে পারেন। ব্যবস্থা নিতে হলে মামলার অভিযোগপত্র দিতে হবে।’চউক সূত্র জানায়, ইকবাল হোসেন মোট ২৩টি দুর্নীতি মামলার আসামি। এ ছাড়া তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন চৌধুরী নয়, নুর হোসেন ২৩, হাবিবুর রহমান ২২, মো. মনজুর হাসান ২২ এবং নুরুল আমিন ২৩টি মামলার আসামি।সূত্র জানায়, ২০০২ সালে বহদ্দারহাট থেকে কালুরঘাট সড়ক সম্প্রসারণের সময় প্রায় আট একর ধানি, নাল জমি ও পুকুর ভিটি জমি দেখিয়ে অধিগ্রহণের জন্য উপস্থাপন করেন তৎকালীন নির্বাহী প্রকৌশলী নুর হোসেন ও সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান। জেলা প্রশাসকের কাছে অভিযোগ করার পর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. কামরুল ইসলাম বিষয়টি তদন্ত করেন। এতে ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে জমির মালিককে অবৈধভাবে লাভবান করতে সরকারের ৮৪ লাখ ১৬ হাজার ১৮১ টাকা ক্ষতির অভিযোগ আনা হয়। এ জন্য তাঁদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে চউকের চেয়ারম্যানকে অনুরোধ করা হয়।কিন্তু চউক তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো নুর হোসেনকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং হাবিবুর রহমানকে নির্বাহী প্রকৌশলী হিসেবে পদোন্নতি দেয়। শুধু তা-ই নয়, হাবিবুর রহমানকে চারটি প্রকল্পের পরিচালক করা হয়। এগুলো হচ্ছে, শেরশাহ থেকে ভাটিয়ারি পর্যন্ত সড়ক নির্মাণ, কাপাসগোলা থেকে বহদ্দারহাট সড়ক মেরামত ও সংস্কার, নগরের চারটি উড়াল সড়ক ও সলিমপুর আবাসিক এলাকা। এর মধ্যে প্রায় আট কিলোমিটার দীর্ঘ শেরশাহ-ভাটিয়ারি সড়কের কাজ তিন কিলোমিটার করার পর বন্ধ করে দেওয়া হয়।হাবিবুর রহমান গতকাল সন্ধ্যায় প্রথম আলোর কাছে দাবি করেন, ‘পুরো দোষ জেলা প্রশাসনের কর্মকর্তাদের। তারা নিজেদের অপকর্ম ঢাকতে তখন আমার ওপর দায় চাপিয়েছে।’